![]() |
| আকরাম খান |
জাতীয়
দল নির্বাচক কমিটির কাঠামোর পরিবর্তন নিয়ে গত পরশু আলোচনা হয়েছে বিসিবির
ওয়ার্কিং কমিটির সভায়। এত দিন দল নির্বাচনের দায়িত্ব ছিল তিন সদস্যের
নির্বাচক কমিটির। সেটি এখন হয়ে যাবে ছয় সদস্যের। পাঁচজন সাবেক ক্রিকেটারের
সঙ্গে থাকবেন একজন বোর্ড পরিচালকও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের
প্রধান আকরাম খান কথা বললেন এ নিয়েই * নির্বাচক কমিটিতে একজন বোর্ড
পরিচালক যুক্ত হওয়ার বিষয়টি কীভাবে দেখছেন? আকরাম খান: ভাগনির বিয়ের জন্য
আমি চট্টগ্রামে চলে আসায় মিটিংয়ের আলোচনার বিষয়টি জানতাম না। পত্রিকায় পড়ে
জেনেছি। এটা অবশ্যই বোর্ডের সিদ্ধান্ত। ক্রিকেট পরিচালনা-প্রধানের
দায়িত্ব পালন করছি এক মাস ধরে। এই এক মাসের অনেকটা সময় দেশের বাইরে থাকায়
সবার সঙ্গে পুরোপুরি বসারও সুযোগ হয়নি। আমরা সমঝোতার মাধ্যমে কাজ করতে
চাই। এতে দলের পারফরম্যান্স ভালো হয়। * এ বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কি
আলোচনা হওয়া উচিত ছিল না? আকরাম: চট্টগ্রামে আসার আগে সিরাজ ভাইয়ের
(ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেন) সঙ্গে কথা বলেছিলাম। আলোচনায়
গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে আমাকে ফোনে জানানোর কথা। কিন্তু কোনো
ফোন পাইনি। নির্বাচকেরা অনেক অভিজ্ঞ। ওনারা অধিনায়ক ছিলেন, কেউ কেউ আমার
সিনিয়রও। কোথায় সমস্যা হচ্ছে, সেটি বের করা আগে জরুরি। পরে যদি দেখি এটা
ঠিকঠাক হচ্ছে না, বোর্ড সিদ্ধান্ত নিতে পারে। * নির্বাচক কমিটিতে আলাদা
করে বোর্ড পরিচালক ঢোকানোর আদৌ প্রয়োজন আছে বলে মনে করেন? আকরাম:
শুরুতেই বলেছি, এখানে বোঝাপড়াটা খুব জরুরি। জোর করে কাজ করা কঠিন। যেহেতু
জাতীয় দায়িত্ব, ক্রিকেট পরিচালনা বিভাগ চেষ্টা করবে নিজের কাজটা ভালোভাবে
করতে। তারপরও না হলে বিকল্প কিছু ভাবতে হবে। * বলা হচ্ছে, প্রধান নির্বাচক
ফারুক আহমেদ আপনার চেয়ে বয়সে বড়। আপনারা দুজন আবার নিকট আত্মীয়ও। কাজের
ক্ষেত্রে এই বিষয়গুলো কি অস্বস্তি তৈরি করে? আকরাম: আমার জন্য মোটেও
অস্বস্তিকর নয়। ক্রিকেটে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এখানে জানাশোনা খুবই
গুরুত্বপূর্ণ। অন্যকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন। আমার কাছে এটা আসলে
অস্বস্তিকর কিছু মনে হয়নি। আমি তো ফারুক-নান্নু ভাইয়ের অধীনে খেলেছি,
তাঁরাও আমার অধীনে খেলেছেন। দীর্ঘ সময়ে যেহেতু কোনো সমস্যা হয়নি, এখন কেন
হবে? * আপনি একসময় প্রধান নির্বাচক ছিলেন, সেই অভিজ্ঞতায় কী মনে হয়, এখানে
একজন পরিচালকের সম্পৃক্ততা নির্বাচক কমিটির স্বাধীনতায় হস্তক্ষেপ হবে?
আকরাম: মনে হচ্ছে, কোথাও কোনো ফাঁক আছে। এটা আসলে বসে পূরণ করা উচিত।
কিছু কথা এদিক-ওদিক হচ্ছে। আগেও বছর খানেক ক্রিকেট পরিচালনায় ছিলাম, কাজের
স্বাধীনতায় হস্তক্ষেপের কিছু হয়নি। আমি যত দিন আছি, এতটুকু বলতে পারি,
নির্বাচকদের কাজে হস্তক্ষেপ হবে না। * আপনি প্রধান নির্বাচক হলে এটি কি
মানতেন? আকরাম: (হাসি) আমি লম্বা সময় নির্বাচক ছিলাম। পদত্যাগও করেছি।
উত্তরটা আসলে দিতে পারব না। * নির্বাচকদের কাজের সমন্বয় এবং তদারকি করে
থাকেন ক্রিকেট পরিচালনা-প্রধান। এখানে আরেকজন পরিচালক যোগ হলে ক্রিকেট
পরিচালনা প্রধান হিসেবে আপনার মূল কাজ কী হবে? আকরাম: বিষয়টি কীভাবে নিচ্ছি
সেটা আমার ওপর নির্ভর করছে। আমি আমার কাজটা ভালোভাবেই জানি।

No comments:
Post a Comment