Sunday, April 17, 2016

বলীর লড়াইয়ে দু্ই তরুণী

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গতকাল ‘ডিসি
সাহেবের বলী খেলায়’ অংশ নেন ডেজি সুলতানা ও রোকসানা
বলী খেলার কথা শুনলেই যে কারও স্মৃতিতে ভেসে উঠবে পেশিবহুল দুই পুরুষের লড়াই। চিরায়ত এ ধারণা ভেঙে কক্সবাজারের ‘ডিসি সাহেবের বলী খেলায়’ অংশ নিলেন দুই তরুণী। তাঁদের লড়াই দেখতে হাজারো মানুষ ভিড় জমান কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। দুই তরুণীর লড়াইয়ে জিতেছেন মহেশখালীর ডেজি সুলতানা। তাঁর কাছে হার মেনেছেন কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার রোকসানা। তবে গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের এই বলী খেলার মূল আকর্ষণ ছিল ১৬ বারের চ্যাম্পিয়ন দিদার বলী। তাঁকে কাঁধে তুলেও মাটিতে ফেলতে পারেননি প্রতিদ্বন্দ্বী সামছু বলী। টানা ২৯ মিনিটের লড়াইয়ে কেউ কাউকে পরাজিত করতে না পারায় শেষ পর্যন্ত দুজনকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন বিচারকেরা। দিদার বলীর বাড়ি রামুর মিঠাছড়ি আর সামছু বলীর বাড়ি টেকনাফের পালংখালীতে। গত শুক্রবার ৬১তম ‘ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলা’ শুরু হয়। খেলায় টেকনাফ, উখিয়া, মহেশখালীসহ জেলার বিভিন্ন স্থানের ১০৮ জন বলী প্রতিযোগিতায় অংশ নেন। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থা বলীখেলা ও মেলার আয়োজন করে। তিনটি বিভাগে এই বলীখেলা হয়। এর মধ্যে দ্বিতীয় বিভাগে মহেশখালীর বজল বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন চকরিয়ার রাসেল বলী। তৃতীয় বিভাগে মহেশখালীর সাহাব উদ্দিন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন টেকনাফের থাইয়ংখালীর ভুলু বলী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ সাইমুম সরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সোবহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া প্রমুখ।

No comments:

Post a Comment