Monday, April 4, 2016

মিলানের ‘প্রথম’ মালদিনির বিদায়

সিজারে মালদিনি
কিছুদিন আগেই ফুটবল বিদায় বলেছে ইয়োহান ক্রুইফকে। কাল চলে গেলেন ইতালিয়ান ফুটবলের বড় এক নাম সিজারে মালদিনি। ‘বিদায় সিজারে। বিশ্ব এক মহান মানুষকে হারাল। একই সঙ্গে হারিয়ে গেল আমাদের ইতিহাসের একটি পাতাও। আপনার অভাব পূরণ হবে না।’ ফুটবল পরাশক্তি এসি মিলানের টুইটার পেজে কাল লেখা এই কয়েকটি বাক্যেই যেন সিজারে মালদিনির জীবনের গল্পটি ফুটে ওঠে। সিজারে তো শুধু একজন মানুষ, ফুটবলার কিংবা কোচ ছিলেন না, ছিলেন এসি মিলানেরই অংশ। ক্রুইফ যতটা বার্সেলোনার সমার্থক হয়ে উঠেছিলেন, সিজারে-মিলানের সম্পর্কটা যে তার চেয়েও বেশি গভীর ছিল। ইতালি দলে খেলেছেন, কোচ হিসেবে ইতালিকে ১৯৯৮ বিশ্বকাপেও নিয়ে গেছেন। ২০০২ বিশ্বকাপে ছিলেন প্যারাগুয়ের কোচ। কিন্তু সিজারে প্রসঙ্গে ইতালি না, মাথায় আসে মিলানের নাম। এই ক্লাবের হয়ে সিরি ‘আ’ জিতেছেন ৪ বার। ইউরোপিয়ান কাপও জিতেছেন। ক্যারিয়ার শেষ করে এই দলের কোচের দায়িত্বও নিয়েছেন। এখানেই থামেননি, নিজের ছেলে পাওলো মালদিনিকেও খেলিয়েছেন এই ক্লাবে। মিলানে খেলেই পাওলো হয়েছেন ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার। তাঁদের দুজনের পথ ধরে মিলানে এখন খেলছেন পাওলোর দুই ছেলে—ক্রিস্টিয়ান ও ড্যানিয়েল। মিলানে সৃষ্টি হয়েছে ‘মালদিনি-ডাইনেস্টি’র। কাল বার্ধক্যজনিত রোগে ৮৪ বছর বয়সে সিজারে মালদিনির বিদায়ে সেই ডাইনেস্টির প্রথম প্রজন্মের অবসান হলো। ভালো থাকুন সিজারে!

No comments:

Post a Comment