![]() |
| বল নিয়ে এগোচ্ছেন বিজেএমসির জয়ের নায়ক এলিটা কিংসলে(সবার আগে)। |
‘আট
ফুটবলার ছাড়া খেলব না’—শেখ জামাল ধানমন্ডি যেন ধনুকভাঙা পণ করেছিল।
দলবদলে নতুন ক্লাবে যোগ দেওয়া ওই ফুটবলারদের পেতে আদালতের শরণাপন্নও হয়েছে
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আগামীকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ
নিয়ে শুনানি হওয়ার কথা। তবে চূড়ান্ত রায়ের আগেই সিদ্ধান্ত পাল্টাল শেখ
জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া স্বাধীনতা কাপে খেলতে রাজি
হয়েছে দলটি। ‘এ’ গ্রুপে শেখ জামাল খেলবে মোহামেডান, ব্রাদার্স,
মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারার সঙ্গে। বিষয়টা নিয়ে কাল
বাফুফে ভবনে জরুরি সভায় বসে পেশাদার লিগ কমিটি। সভা শেষে লিগ কমিটির
চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘আমরা সবাইকে নিয়ে খেলা আয়োজনের
জন্য আগ্রহী ছিলাম। কিন্তু শেখ জামাল আদালতের বিচারাধীন আট খেলোয়াড়কে
ছাড়া খেলতে রাজি ছিল না। তবে আজ (গতকাল) তারা জানিয়েছে, আদালতের রায় মেনে
নেবে। আট ফুটবলার ছাড়াই খেলতে রাজি তারা। তাই শেখ জামালকে টুর্নামেন্টে
যোগ করেছি আমরা।’ খেলা পরিচালনায় বাফুফের ব্যর্থতা আর ক্লাবগুলোর নানা
নাটক এবারের ফুটবল মৌসুমই অনিশ্চিত করে তুলেছিল। শেষ পর্যন্ত খেলা মাঠে
গড়াল। অনেকে বলছেন, শেষ পর্যন্ত যখন শেখ জামাল খেলছেই, তাহলে এত নাটকীয়তা
কেন? ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বললেন,
‘আমরা সব সময় খেলার পক্ষেই ছিলাম। আট খেলোয়াড়কে ফেরত চাওয়ার জন্যই আমরা
শুধু আদালতের দ্বারস্থ হয়েছি। এখন আদালতের যে রায় দেবেন, সেটিই আমরা মেনে
নেব।’ শেখ জামাল খেলতে রাজি হওয়ায় নতুন করে স্বাধীনতা কাপের সূচি করা
হচ্ছে। তাই কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি হয়নি।
ব্রাদার্স-উত্তর বারিধারা ম্যাচ হবে আজ। ৩ এপ্রিল থেকে প্রতিদিন দুটি করে
ম্যাচ। বিজেএমসির জয়: রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে এবারের মৌসুমের
প্রথম টুর্নামেন্ট শুরু করেছে বিজেএমসি। ৩৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে
বিজেএমসিকে ৩ পয়েন্ট এনে দেন নাইজেরিয়ার ফরোয়ার্ড এলিটা কিংসলে। ৬৯
মিনিটে ২-০ করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বিজেএমসি। সেটিও
পেনাল্টি থেকে, এলিটার শট আটকে দেন রহমতগঞ্জের গোলরক্ষক আল আমিন। বাকি
সময়ে দুই দল চেষ্টা করেও গোলের দেখা পায়নি।

No comments:
Post a Comment