Saturday, April 2, 2016

কলকাতায় উড়ালসড়ক ধসের ঘটনায় হত্যা মামলাঃ ১০ জন আটক

কলকাতায় ধসে পড়া উড়ালসড়কের কংক্রিটের
চাইয়ের নিচ থেকে গতকাল উদ্ধার করা গাড়ির
ধ্বংসাবশেষ দেখছেন লোকজন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গত বৃহস্পতিবার নির্মাণাধীন উড়ালসড়ক ধসের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নির্মাণ প্রতিষ্ঠানের কর্মীসহ ১০ জনকে আটক করেছে। নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। উত্তর কলকাতার বড়বাজারে বিবেকানন্দ উড়ালসড়ক ধসের ওই ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন অনেকে। তবে তাঁদের জীবিত উদ্ধারের আশা একেবারেই ক্ষীণ। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছিল, অন্তত দেড় শ মানুষ চাপা পড়েছেন। একটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনও চাপা পড়েছে। গতকাল বিকেল পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের উপকমিশনার অখিলেশ চতুর্বেদী গতকাল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নির্মাতা প্রতিষ্ঠান হায়দরাবাদের আইভিআরসিএলের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। ধসের দিন বৃহস্পতিবার রাতেই ওই কর্মীদের থানায় ধরে আনা হয়। নির্মাণ সংস্থাটির কলকাতার তিনটি অফিস পুলিশ সিলগালা করে দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ধসের ঘটনায় ইতিমধ্যে নির্মাতা প্রতিষ্ঠান ও উড়ালসড়ক তৈরিতে কাঁচামাল সরবরাহকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে রাজ্য সরকার। কংক্রিটের তৈরি পাটাতন ও গার্ডারের ধ্বংসস্তূপের নিচে যাঁরা চাপা পড়ে রয়েছেন, তাঁদের বেঁচে থাকা বা কাউকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ বলে জানিয়েছে জরুরি কর্তৃপক্ষ। তবে পুলিশ কর্মকর্তা অখিলেশ জানান, ধ্বংসস্তূপ পুরোপুরি না সরানো পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছে। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে এ ঘটনায় ব্যাপক চাপের মুখে পড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার জন্য রাজ্যের পূর্ববর্তী বাম সরকারকে দায়ী করেছেন।.
নির্মাণ–বিপর্যয়
জুন ২০১৪
চেন্নাইয়ে নির্মাণাধীন ১১ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধস, নিহত অন্তত ৬১
সেপ্টেম্বর ২০১৩
মুম্বাইয়ে বহু পুরোনো পাঁচতলা ভবন ধস, নিহত প্রায় ৬০
এপ্রিল ২০১৩
মুম্বাইয়ের উপকণ্ঠে অবৈধভাবে আংশিক নির্মিত অ্যাপার্টমেন্ট ব্লক ধস, নিহত ৭৪
নভেম্বর ২০১০
নয়াদিল্লিতে অ্যাপার্টমেন্ট ব্লক ধস, নিহত ৬৯
সেপ্টেম্বর ২০০৯
মধ্যভারতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের বিশাল এক চুল্লি ভেঙে পড়ে নিহত ৪১
আগস্ট ২০০৩
গুজরাটে ছোট একটি কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ৪৩

No comments:

Post a Comment