![]() |
| ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ |
রিটার্নিং
কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের
নির্বাচনের ফল পাল্টে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল সোমবার নির্বাচন
কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রিটার্নিং কর্মকর্তা ফল বদলের
সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। কমিশন সচিবালয় থেকে জানা যায়, ২২ মার্চ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রমজাননগর ইউনিয়নে ভোট গ্রহণ শেষে রিটার্নিং
কর্মকর্তা (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা) সনজয় বিশ্বাস শুরুতে বিএনপির
প্রার্থী আকবর আলীকে ১৮ ভোটে বিজয়ী ঘোষণা করেন। রাতে কয়েক ঘণ্টা পর একই
ইউনিয়নে বিএনপির প্রার্থীর বদলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল
মামুনকে ৩৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন। এ জন্য রিটার্নিং কর্মকর্তা স্থানীয়
রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বিবরণীতে ফ্লুইড মেখে
ঘষামাজা করেন। চূড়ান্ত হিসাবে দেখা যায়, রমজাননগর ইউনিয়নে মোট ভোটার ১৭
হাজার ৫২২ জন। ভোট দিয়েছেন ১৪ হাজার ৩৭০ জন। এর মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে
স্বতন্ত্র প্রার্থী শেখ আল মামুন পেয়েছেন ৪ হাজার ১৯৪ ভোট। বিএনপির
প্রার্থী আকবর আলী পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট। আওয়ামী লীগের প্রার্থী ফজলুল
হক মোড়ল পান ১ হাজার ৯৫৪ ভোট। এ বিষয়ে বিএনপির প্রার্থী নির্বাচন কমিশনে
অভিযোগ করলে কমিশন শুনানির আয়োজন করে। গতকাল কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব
জেসমিন টুলী সনজয় বিশ্বাস, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুন্সী আবদুর রব
বিএনপির প্রার্থী আকবর আলীর শুনানি গ্রহণ করেন। জানতে চাইলে জেসমিন টুলী
প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তার দাবি, বিজয়ী প্রার্থীর আবেদনের
পরিপ্রেক্ষিত তিনি দ্বিতীয়বার গণনা করলে ফল বদলে যায়। কিন্তু বিএনপির
প্রার্থীর অভিযোগ, দ্বিতীয়বার গণনার সময় তাঁরা উপস্থিত ছিলেন না, যে কারণে
রিটার্নিং কর্মকর্তার দাবি সন্তোষজনক বলে মনে হয়নি। ফলাফল বিবরণীতে
ঘষামাজার বিষয়েও তাঁর ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। জেসমিন টুলী বলেন, আজকের
(গতকাল) শুনানির কার্যক্রম প্রতিবেদন আকারে নির্বাচন কমিশনে উপস্থাপন করা
হবে। কমিশন এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।

No comments:
Post a Comment