Wednesday, April 27, 2016

উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে আহত মিজানুরের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে আহত হওয়া মিজানুর রহমান মারা গেছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নূর হোসেন বলেন, রাজশাহীতে ময়নাতদন্ত শেষে লাশ মিজানুরের গ্রামের বাড়িতে নেওয়া হবে। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত সোমবার রাতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান (৬৭) ও তাঁর ছোট ভাই মিজানুর রহমানকে কোপানো হয়। ঘটনাস্থলেই মারা যান মজিবর। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার নিহত ব্যক্তির ছোট ভাই মো. জাকারিয়া হত্যা মামলা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

No comments:

Post a Comment