Tuesday, April 19, 2016

সিটির ব্যর্থতার কারণ ‘গার্দিওলা’!

ম্যানুয়েল পেলেগ্রিনি
ম্যানচেস্টার সিটির কোচ হওয়ার আগেই কি তাহলে ক্লাবের ক্ষতি করে দিলেন পেপ গার্দিওলা? সিটির বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির কথা শুনলে অন্তত তাই মনে হবে। হঠাৎ করেই যে প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে পিছিয়ে পড়ল সিটি, সেটির কারণ হিসেবে গার্দিওলার সঙ্গে চুক্তির আগাম ঘোষণাটাকেই দায়ী করেছেন চিলিয়ান এই কোচ। গত ১ ফেব্রুয়ারি ম্যানচেস্টার সিটি ঘোষণা করে দেয় নতুন মৌসুমে ক্লাবের কোচ হবেন বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ পেপ গার্দিওলা। ওই সময় ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সিটি ছিল ২ নম্বরে। তবে শীর্ষে থাকা লেস্টারের সঙ্গে ব্যবধান ছিল মাত্র ৩ পয়েন্ট। গার্দিওলা কোচ হচ্ছেন, এ ঘোষণা আসার পর ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে ৬টি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে! এখন যে শীর্ষে থাকা লেস্টারের সঙ্গে সিটির ১৩ পয়েন্টের ব্যবধান হয়েছে গেছে, সেটির বড় কারণ ওই দুই মাসের বাজে পারফরম্যান্স। পেলেগ্রিনি নিজেই মেনে নিয়েছেন সত্যটা, ‘বিভিন্ন কারণে আমরা ফেব্রুয়ারিতে লেস্টার ও টটেনহামের কাছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছি। এই দুটি হারের কারণেই আমরা আর শিরোপা লড়াইয়ে থাকতে পারিনি।’ বাজে পারফরম্যান্স এত দিন পর খোলাসা করলেন চিলিয়ান কোচ, ‘ফেব্রুয়ারির শুরুতে ঘোষণা এল যে ক্লাবের কোচ পরিবর্তন হবে, অনেক খেলোয়াড় পরের মৌসুমে থাকবে না। এ রকম অনেক বিষয় খেলোয়াড়দের মনে প্রভাব ফেলেছে। পরের মৌসুমে কারা আসবে, কারা চলে যাবে, কারা থাকবে—এসব খবর প্রতিদিন পত্রিকায় পড়া এবং একই সঙ্গে মাঠের খেলায় মনোযোগ ধরে রাখা খুব কঠিন খেলোয়াড়দের জন্য।’ তবে সেই খারাপ সময়টা পেছনে ফেলে সিটি আবার ফর্মে ফিরেছে। জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও। পেলেগ্রিনিও তাই ওসব ভুলে তাকাচ্ছেন সামনে, ‘ঘরের মাঠে আমরা ওই দুটি ম্যাচে হেরেছিলাম। তবে এখন আমরা আবার ছন্দে ফিরেছি। সর্বশেষ কয়েকটা ম্যাচ যেভাবে খেলেছি এভাবে শেষ করতে পারলেই আমি খুশি।’

No comments:

Post a Comment