Thursday, April 28, 2016

২০১৭ সালের এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবি

২০১৭ সালের এসএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা
২০১৭ সালের এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগরের স্কুলসমূহ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নগরের মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমবে। এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল অংশে। গত বছরের ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, কোনো পর্যালোচনা ছাড়াই ছয়টি প্রশ্নের পরিবর্তে সাতটি প্রশ্ন চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে ২ ঘণ্টা ১০ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা কঠিন। সেখানে মাত্র ১০ মিনিট বাড়িয়ে আরও একটি সৃজনশীল প্রশ্ন যোগ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করে আগের পদ্ধতি বহাল রাখার দাবি জানায় তারা। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি শাহীন জোবায়ের ও ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম সামদানি, সহসম্পাদক নাদিম উদ্দিন প্রমুখ।

No comments:

Post a Comment