Thursday, April 21, 2016

সম্পদের হিসাব ওয়েবসাইটে, দেখতে পারেন: ইফতেখারুজ্জামান

রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও তার ট্রাস্টি বোর্ডের সদস্য এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সম্পদের হিসাব ওয়েবসাইটে আছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, যে-কেউ ওয়েবসাইট থেকে এ হিসাব দেখে নিতে পারেন। আজ বৃহস্পতিবার ‘তৈরি পোশাক খাতের সুশাসন অগ্রবর্তী চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন ওঠাটা আমাদের জন্য ভালো।’ ১৩ এপ্রিল নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে টিআইবির সম্পদের বিবরণ প্রকাশের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, টিআইবি সম্পদের বিবরণ প্রকাশ করে এটা প্রমাণ করুক যে তারা তাদের চিলি শাখার মতো দুর্নীতিগ্রস্ত নয়। পানামা পেপারস কেলেঙ্কারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চিলি শাখার প্রেসিডেন্টের পদত্যাগের প্রেক্ষাপটে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় এ দাবি জানান। ওই সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ যেকোনো ব্যক্তির অধিকার রয়েছে টিআইবির স্বচ্ছতা সম্পর্কে জানার বা প্রশ্ন করার। আমরা একে স্বাগত জানাই। টিআইবির সব আয়-ব্যয় বা সম্পদের তথ্য সরকারের কাছে রীতিমতো জমা দেওয়া হয়, যা জনগণের জ্ঞাতার্থে আমাদের ওয়েবসাইটেও প্রকাশিত রয়েছে। টিআইবির বোর্ড, নির্বাহী পরিচালক, উপপরিচালকদের সম্পদের বিবরণও ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে।’ আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, রানা প্লাজার ধসের পর বিভিন্ন অংশীজনের নেওয়া ১০২টি উদ্যোগের মধ্যে ৭৭ শতাংশ বাস্তবায়ন ও সন্তোষজনক অগ্রগতি আছে। বাকি ২৩ শতাংশ উদ্যোগ ধীরগতিতে এগোচ্ছে বা স্থবির হয়ে আছে।  ইফতেখারুজ্জামান বলেন, গত তিন বছরে পোশাক খাত গর্ব করার মতো স্থানে এসেছে। এটি বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার যোগ্য। তবে কাগজপত্র, আইন ও বিধিমালায় যেসব অগ্রগতি এসেছে, সেগুলো প্রয়োগ করা ও অব্যাহত রাখা জরুরি। এর পাশাপাশি যেসব ক্ষেত্রে অগ্রগতি হয়নি, সেগুলোর ওপর নজর দিতে হবে। রানা প্লাজা ধসের পর অপরাধীদের বিচারকাজ ধীরগতিতে চলছে বলে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করে উদাহরণ তৈরি করা না গেলে অপরাধ ঘটতেই থাকবে।

No comments:

Post a Comment