ফিলিপাইন
থেকে অর্থ পাচারের ঘটনায় সাতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ চূড়ান্ত
করেছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)। বাংলাদেশ
ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইন থেকে পাচারের
ঘটনায় ওই সাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করেছে এএমএলসি। এএমএলসির
একটি সূত্রকে উদ্ধৃত করে ফিলিপাইনের গণমাধ্যম ফিলস্টার এক প্রতিবেদনে
বলেছে, সিনেট ব্লু রিবন কমিটিতে দেওয়া সাক্ষ্য ও অন্যান্য তথ্য-উপাত্ত
বিশ্লেষণ করে মামলার অভিযোগ গঠন করা হয়েছে। তবে অভিযুক্ত সাত ব্যক্তির নাম
প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে এএমএলসির সূত্রটি। মামলার অভিযোগ চূড়ান্ত করার
আগে এএমএলসি কিম ওয়ং এবং ওয়েক্যাং জু নামের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে
ডিপার্টমেন্ট অব জাস্টিসে (ডিওজে) ফৌজদারি অভিযোগ দায়ের করে। অভিযোগে অর্থ
পাচার আইন ভঙ্গ করে এই দুই ব্যক্তি ২ কোটি ১৬ লাখ ডলার ও ৫ কোটি ৯২ লাখ
ডলার ফিলিপাইন থেকে পাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। দুই ব্যবসায়ীর
বিরুদ্ধে অভিযোগ দায়েরের আগে এএমএলসি রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের
(আরসিবি) বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো এবং ওই
ব্যাংকের চার হিসাবধারী ব্যক্তির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ দায়ের করেছে।
এএমএলসির পাশাপাশি আরসিবিসি কর্তৃপক্ষও মায়া সান্তোস দেগুইতো ও সহকারী
ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসের বিরুদ্ধে আলাদা মামলা করার প্রস্তুতি
নিচ্ছে। আরও দুই ক্যাসিনো অপারেটরকে তলব: ৫ এপ্রিলের সিনেট ব্লু রিবন
কমিটির শুনানিতে নতুন করে আরও দুই ক্যাসিনো অপারেটরকে হাজির হতে বলা হয়েছে।
দুই অপারেটরের নাম জানা না গেলেও এরা সোলাইরি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর
অধীন সানসিটি গ্রুপ জাংকেট ও দ্য গোল্ডম্যান জাংকেটে কাজ করেন বলে জানা
গেছে।অর্থ পাচারে অভিযুক্ত ফিলিপিনো ব্যবসায়ী কিম ওয়ং যে দুই চীনার নাম গত
২৯ মার্চের সিনেট শুনানিতে বলেছেন তাঁদের ব্যাপারে বিস্তারিত জানতে
ক্যাসিনো অপারেটরদের তলব করা হয়েছে। ৫ এপ্রিলের শুনানিতে ফিলিপাইনের রাজস্ব
আদায়কারী সরকারি সংস্থা ব্যুরো অব ইন্টারনাল রেভিনিউয়ের (বিআইআর)
প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান
ফিলরেমের সঙ্গে বিভিন্ন ক্যাসিনোর অর্থ লেনদেনের বিস্তারিত জানাতে বিআইয়ের
প্রতিনিধিকে নির্দেশ দিয়েছে সিনেট। এ ছাড়া ফিলিপাইন গেমিং অ্যামিউজমেন্ট
করপোরেশনের অধীন মাইডাস হোটেলের প্রতিনিধি রে ডি গুজম্যান, আরসিবিসির
ইউনিমার্ট শাখার শাখা ব্যবস্থাপক পিংকি ম্যাকালে ও ফিলরেমের ম্যাসেঞ্জার
মার্ক পালমারেসকে শুনানিতে তলব করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment