Tuesday, April 5, 2016

বৈশাখের অনুষ্ঠান রাত আটটা পর্যন্ত করার দাবি

পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে সরকারি নির্দেশে উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোট এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। গতকাল জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ বিবৃতিতে এই উদ্বেগ ও দাবি জানান। তবে তাঁরা পরিবেশ ও শব্দদূষণকারী ভুভুজেলা নামে পরিচিত উচ্চশব্দের বাঁশি বাজানো নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, বাঙালির ঐতিহ্যবাহী এ প্রাণের উৎসবকে শৃঙ্খলা ও নিরাপত্তার নামে সংকুচিত করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। বাঙালি সংস্কৃতিবিরোধী শক্তি বহু বছর ধরেই বাংলা নববর্ষ উদ্যাপন বন্ধ করার যে চক্রান্ত এবং দাবি জানিয়ে আসছিল এ সিদ্ধান্ত প্রকারান্তরে তাদের খুশি করবে।

No comments:

Post a Comment