![]() |
| কে এ এস মুরশিদ, মহাপরিচালক, বিআইডিএস |
বাংলাদেশের
উন্নয়নবিষয়ক দুদিনব্যাপী এক সম্মেলন আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করেছে
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। দুদিনের এ সম্মেলনে মোট
নয়টি অধিবেশনে অবকাঠামো, বিনিয়োগ, কৃষি, দারিদ্র্য, গণতন্ত্র, সুশাসন,
আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা আলোচনা করবেন
বলে আয়োজকেরা জানিয়েছেন। বিআইডিএসের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এক
সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত
সংস্থাটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিআইডিএসের মহাপরিচালক কে
এ এস মুরশিদসহ অন্য গবেষকেরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়,
দুদিনের সম্মেলনের মূল প্রতিপাদ্য—দ্য বাংলাদেশ জার্নি। আর বিআইডিএসের পক্ষ
থেকে প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।সংবাদ সম্মেলনে কে
এ এস মুরশিদ বলেন, প্রতিটি অধিবেশনে বিআইডিএসের পক্ষ থেকে বিষয়ভিত্তিক
একটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। পরে আলোচকেরা তার ভিত্তিতে আলোচনা
করবেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা ও
সমস্যাগুলো চিহ্নিত করতে চাই। পরে সেগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা
হবে। কে এ এস মুরশিদ আরও বলেন, যেকোনো কারণেই হোক বাংলাদেশ বিচ্ছিন্ন
হয়ে আছে। কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) নেই। তাই আঞ্চলিক
সহযোগিতা এ ক্ষেত্রে সুফল বয়ে আনতে পারে। তিনি জানান, দুদিনের সম্মেলনে
সুশাসন, গণতন্ত্র নিয়েও আলোচনা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে
সুশাসন ও গণতন্ত্র নিয়ে অনেক কাজ হলেও বাংলাদেশে সেগুলো নিয়ে তেমন কোনো
কাজ হয় না। বিনিয়োগ প্রসঙ্গে কে এ এস মুরশিদ বলেন, অবকাঠামো খাতে বিনিয়োগ
করার জন্য অনেক বেসরকারি প্রতিষ্ঠান বসে আছে। দাতাগোষ্ঠীর নির্ভরতায় নাকি
সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) নাকি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে
বিনিয়োগ আকৃষ্ট করা হবে—এসব বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। আলোচক:
দুদিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ
ছাড়া বিভিন্ন অধিবেশনে যাঁরা বক্তব্য দেবেন তাঁদের মধ্যে অন্যতম হলেন
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর
জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের
উপদেষ্টা আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ
ফরাসউদ্দিন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও হোসেন
জিল্লুর রহমান, সাবেক গভর্নর আতিউর রহমান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও
নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের
(বিইআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক সোবহান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান
সালমান এফ রহমান প্রমুখ।

No comments:
Post a Comment