Sunday, May 8, 2016

মামলার অগ্রগতি জানতে সিআইডি দপ্তরে বাবা–মা

তনু হত্যাকাণ্ড
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যা মামলার অগ্রগতি জানতে গতকাল শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুমিল্লা দপ্তরে যান তনুর বাবা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগম। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সিআইডির দপ্তরে অবস্থান করেন তনুর মা-বাবা। তবে তদন্ত কার্যক্রমের সঙ্গে জড়িত সিআইডির কোনো সদস্যের সঙ্গে তাঁদের দেখা হয়নি। পরে তাঁরা সিআইডির সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদের দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। জানতে চাইলে মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘আমরা হতাশ হয়ে পড়েছি। এত দিন হলো মামলার কোনো অগ্রগতি নেই। দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনও দেওয়া হচ্ছে না। হত্যাকাণ্ডের ৪৮ দিন পেরিয়ে গেল, এখনো কিছু হয়নি। আর কত দিন অপেক্ষা করব?’ তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমরা কি বিচার পাব না?’ গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি ঝোপ থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। মেয়েকে হত্যার ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে মামলা করেন। প্রথমে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার তদন্ত করেন। পরে তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলমকে। ১ এপ্রিল তদন্তের দায়িত্ব পান সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম। তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয় গত ২১ মার্চ। পরবর্তী সময় আদালতের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্ত হয় ৩০ মার্চ। ৪ এপ্রিল প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন এখনো দেওয়া হয়নি।

No comments:

Post a Comment