![]() |
| ঘাড়ত্যাড়া মজনু নাটকের দৃশ্যে জাহিদ হাসান ও নোভা |
অভিনয়
করছেন কয়েক দশক ধরে। নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে অভিনেতা
জাহিদ হাসানকে। এবার অভিনয় করলেন ঘাড়ত্যাড়া এক মানুষের চরিত্রে। নাটকের
নামই ঘাড়ত্যাড়া মজনু। একদম নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। কিন্তু ঘাড় বাঁকা
করে অভিনয় করতে গিয়ে বিপত্তিও কম হয়নি। জাহিদ হাসান বললেন, ‘এমন চরিত্রে
অভিনয় করা একটু কঠিনই। আগে থেকে মহড়া না করে নিলে সমস্যা হয়। তাই আমি
শুটিংয়ের আগে নিজে নিজে প্র্যাকটিস করেছি। তারপর অভিনয় করেছি। কিন্তু
সমস্যা হলো, অভিনয় শেষ হওয়ার পর কয়েক দিন রীতিমতো অসুস্থ ছিলাম। পরে
ডাক্তারের পরামর্শে ওষুধ খেয়ে সুস্থ হয়েছি।’ এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে
জাহিদ হাসান বললেন, ‘আমি সব সময় নিজের সেরাটা দিয়ে অভিনয় করি। যত কষ্টই হোক
আগে সেরা কাজ। এটাও তেমনই। তবে শেষ করে মনে হয়েছে, নাটকটা ভালো হয়েছে।
দর্শকেরা বেশ উপভোগ করবেন।’ ঈদের জন্য নির্মিত ছয় পর্বের এই ধারাবাহিকটি
রচনা করেছেন লিটু সাখাওয়াত। পরিচালনা করেছেন রুমান রুনি। জাহিদ হাসান ছাড়াও
অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, তানজিন তিশা, নোভা, মিলন
ভট্টাচার্য, ইফতেখার পলাশ প্রমুখ। নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন,
‘একরোখা ছেলে মজনু। কারও সঙ্গে বনিবনা নেই। সবাই ঘাড়ত্যাড়া বলে ডাকে। এই
ছেলের বিয়ে ঠিক হয়। মেয়েপক্ষ দেখতে আসার আগের দিন তার ঘাড় সত্যি সত্যি
ত্যাড়া হয়ে যায়। এ নিয়েই এগিয়ে যায় গল্প।’

No comments:
Post a Comment