Sunday, May 8, 2016

নূরজাহান বেগমের অবস্থা সংকটাপন্ন

নূরজাহান বেগম
বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সম্পাদক নূরজাহান বেগমের অবস্থা সংকটাপন্ন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। নূরজাহান বেগমের নাতনি প্রিয়তা ইফতেখার প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়। এ সময় তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। গতকাল শনিবার দুপুরে তাঁর অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রিয়তা বলেন, নূরজাহান বেগম চিকিৎসক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, নূরজাহান বেগমের নিউমোনিয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য কামনা করা হয়েছে। সাহিত্যক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে বেগম পত্রিকাটি প্রকাশিত হয়। ১৯৫০ সালে এটি ঢাকায় চলে আসে। বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন সওগাত পত্রিকার সম্পাদক ও নূরজাহান বেগমের বাবা মোহাম্মদ নাসিরউদ্দীন। বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত ও সাহিত্যিক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৪ সালে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে তিনি আইএ এবং ১৯৪৬ সালে একই কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৫২ সালে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু পদক ও সম্মাননা পেয়েছেন।

No comments:

Post a Comment