Saturday, May 14, 2016

গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সৃষ্টি হয়েছিল: এরশাদ

সম্মেলনে আসা নেতা–কর্মীদের একাংশ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন, জাতীয় পার্টি সৃষ্টি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের অষ্টম জাতীয় কাউন্সিলের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি ছেড়ে যাওয়া নেতাদের আবার দলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি নির্বাচন–পদ্ধতি সংস্কারেরও একটি প্রস্তাব তুলে ধরেন এরশাদ।  এরশাদ বলেন, ১৯৮২ সালে তার ওপর রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছিল। সেনাপ্রধান হিসেবেই তাঁর ওপর দায়িত্ব এসেছিল। তখন যে–কেউ সেনাপ্রধান থাকলে তাঁর ওপর ওই দায়িত্ব আসত।  এরশাদ দাবি করেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়ে তিনি ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন। এ জন্য ১৯৮৪ সালে নির্বাচন দিয়েছিলেন। কিন্তু প্রধান দলগুলো সে নির্বাচনে অংশ নেয়নি বলে তিনি ব্যারাকে ফিরে যেতে পারেননি।  জাতীয় সংসদে নির্বাচন পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে এরশাদ বলেন, নির্বাচন হতে পারে দলের ভিত্তিতে, অর্থাৎ ভোটাররা সরাসরি দলকে ভোট দেবেন, প্রার্থীকে নয়। এ পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হবে না। বর্তমানে যেভাবে বাংলাদেশে সরকার গঠিত হয়, তাতে কোনো দলই ৫০ শতাংশের ওপরে ভোট পায় না। কিন্তু তারা সরকার গঠন করে। অধিবেশনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন। দুপুর ১২টার পরে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়।

No comments:

Post a Comment