Saturday, May 14, 2016

হেজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

মুস্তাফা আমিনি বদরুদ্দিন। ছবি: এএফপি
লেবাননের কট্টরপন্থী ইসলামি শিয়াগোষ্ঠী হেজবুল্লাহর জ্যেষ্ঠ এক কমান্ডার সিরিয়ায় নিহত হয়েছেন। হেজবুল্লাহর পক্ষ থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই খবর জানানো হয়। এক বিবৃতিতে হেজবুল্লাহ জানিয়েছে, তাদের নিহত কমান্ডারের নাম মুস্তাফা আমিনি বদরুদ্দিন। সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দরের কাছে এক বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে লেবাননের একটি টিভি জানায়, ইসরায়েলের বিমান হামলায় মুস্তাফা নিহত হয়েছেন। অভিযোগের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে কোনো মন্তব্য আসেনি। প্রাথমিক বিবৃতিতে মুস্তাফার নিহত হওয়ার তথ্যের ঘোষণা দিয়ে হেজবুল্লাহ জানায়, ১৯৮২ সালে থেকে ইসলামিক প্রতিরোধের অধিকাংশ অভিযানে অংশ নিয়েছেন মুস্তাফা। দ্বিতীয় বিবৃতিতে হেজবুল্লাহ জানায়, মুস্তাফা যে বিস্ফোরণে নিহত হয়েছেন, তার প্রকৃতি ও কারণ নির্ধারণে তদন্ত হবে। বিস্ফোরণটি বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা বা গোলা হামলা থেকে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। তদন্তের ফলাফল শিগগিরই জানানো হবে। মুস্তাফা হেজবুল্লাহর দ্বিতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন বলে ধারণা করা হয়।
১৯৬১ সালে জন্ম নেওয়া মুস্তাফা হেজবুল্লাহর সামরিক শাখার একজন জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের কালো তালিকায় থাকা মুস্তাফা হেজবুল্লাহর সামরিক শাখার প্রয়াত প্রধান ইমাদ মুগনিয়েহর কাজিন ও শ্যালক ছিলেন। ২০০৮ সালে দামেস্কে এক গাড়িবোমা হামলায় নিহত হন ইমাদ। মুস্তাফা হেজবুল্লাহর শুরা কাউন্সিলের সদস্য ছিলেন বলে বলা হয়। এ ছাড়া তিনি হেজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর উপদেষ্টা হিসেবেও কাজ করতেন। ২০০৫ সালে লেবাননের বৈরুতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যায় মুস্তাফাসহ হেজবুল্লাহর অপর তিন সদস্য জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

No comments:

Post a Comment