![]() |
| মাইকেল তেমার |
দিলমা
রুসেফের বিদায়ের পর ব্রাজিলের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মাইকেল তেমার
জাতিকে তাঁর ওপর ‘আস্থা’ রাখতে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে দেশের নাজুক
অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যবসায়-বান্ধব একটি মন্ত্রিসভা
গঠনেরও ঘোষণা দিয়েছেন তেমার। গত বৃহস্পতিবার ব্রাজিলের সিনেট দেশটির
বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রুসেফকে বরখাস্ত করে এবং তাঁর বিরুদ্ধে
অভিশংসন-প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেয়। রুসেফের বিরুদ্ধে সরকারের বাজেট
আইন লঙ্ঘন এবং দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়। যদিও রুসেফ এসব
অভিযোগকে অস্বীকার করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। গতকাল
প্রেসিডেন্টের কার্যালয়ে বসার পর মধ্য ডানপন্থী দল পিএমডিবির নেতা তেমার
বলেন, ‘আমাদের হাতে যথেষ্ট সময় নেই। আমাদের অবশ্যই ব্রাজিলেরও অর্থনীতির
ভিত পুনর্গঠন করতে হবে। ব্যবসায়ের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নতুন চাকরির
সুযোগ সৃষ্টি করতে হবে।’ তবে তেমারের এসব কর্মসূচি কতটুকু আলোর মুখ দেখবে,
তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে ঘোরতর সন্দেহ রয়েছে। যে দুর্নীতির অভিযোগে
তিনি রুসেফের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, এ থেকে তিনি মুক্ত নন। তেল
কোম্পানি পেট্রোব্রাসের কেলেঙ্কারিতে তাঁর জড়িত থাকার অভিযোগ আছে। কিন্তু এ
নিয়ে তাঁর বিরুদ্ধে কোনো তদন্ত না চললেও তাঁর মন্ত্রিসভার অনেকের
বিরুদ্ধেই চলছে। আবার জনপ্রিয়তার বিচারে তিনি রুসেফের মতোই অজনপ্রিয়।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচন হলে তিনি মাত্র ২
শতাংশ ভোট পাবেন।

No comments:
Post a Comment