Saturday, May 14, 2016

বৃষ্টি যখন আশীর্বাদ!

বৃষ্টি থামার পরে ক্যামেরার সামনে মম ও তাহসান
নির্মাতাদের জন্য ‘বৃষ্টি’ যেন এক আতঙ্কের নাম। শুটিংয়ের দিন আকাশের এক কোণে একটু মেঘ দেখা গেলেই নির্মাতাদের কপালে পড়ে যায় ভাঁজ। কারণ, বৃষ্টি মানেই তো বাজেট বেড়ে যায় আর শুটিং পিছিয়ে শিডিউল আরও লম্বা হওয়া। তাই বৃষ্টির ফেরে পড়তে চান না কোনো নির্মাতাই। তবে গতকাল শুক্রবারের ঘটনাটি ছিল ভিন্ন। নির্মাতা শিহাব শাহীনের কাছে সেদিন বৃষ্টি এসেছিল আশীর্বাদ হয়ে।
এখন আর রূপকথা হয় না নাটকের শুটিংয়ে বৃষ্টিবিভ্রাট যোগ করেছে এক অন্য মাত্রা। ঝুমবৃষ্টিতে কেমন হলো শুটিং? নির্মাতাকে এই প্রশ্ন করলে তিনি বলেন, ‘বৃষ্টির ব্যাপারটি মাথায় ছিল না। কিন্তু হঠাৎ পাওয়ায় আমাদের উপকার হয়েছে। যে দৃশ্যটির শুটিং করেছিলাম, সেটা অনেকটা এ রকম, মেয়েটি ছেলেটির সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদ করে চলে যাবে। এই দৃশ্যটির সঙ্গে আজকের (শুক্রবার) বৃষ্টিটা একদম মানিয়ে গেল। তাই কোনো দুশ্চিন্তা না করে, বৃষ্টির মধ্যেই আমরা শুটিং করেছি।’
শুটিং লোকেশন নিয়েও কথা বললেন নির্মাতা। ‘এই শুটিং লোকেশনটা এখনো অনেকে চেনে না। আমি বেশ কয়েকটি কাজ এখানে করেছি। আমার গল্পের সঙ্গে দারুণ মানানসই জায়গাটা।’ এখন আর রূপকথা হয় না নাটকে অভিনয় করেছেন তাহসান ও জাকিয়া বারী মম। এ ছাড়া আছেন মারজুক রাসেল ও মনিরা মিঠু। যৌথভাবে নাটকটি রচনা করেছেন শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন। এটি প্রচারিত হবে এনটিভিতে আগামী ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায়।

No comments:

Post a Comment