![]() |
| অরবিন্দ কেজরিওয়াল |
দুর্নীতির
প্রশ্নে বিজেপি ও কংগ্রেসকে একই আসনে বসালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরিওয়াল। দিল্লিতে একটি দলীয় সমাবেশে গতকাল শনিবার তিনি বলেন, কেন্দ্রের
বিজেপি সরকার কংগ্রেসের দুর্নীতি নিয়ে যেমন এক পা-ও এগোতে চায় না,
কংগ্রেসও তেমন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভুয়া’ ডিগ্রির ব্যাপারে
মুখে কুলুপ এঁটে রাখে। কোনো প্রশ্ন তোলে না। দুর্নীতির বিরুদ্ধে
আন্দোলন করেই আম আদমি পার্টির (এএপি) জন্ম দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির ক্ষমতায়ও আসীন হয়েছেন। অগাস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনাবেচায়
ঘুষ দেওয়ার খবর জানাজানি হওয়ার পর কেজরিওয়াল গতকাল দেশের বড় দুই দলকেই
একহাত নিয়েছেন। গত শুক্রবার যন্তরমন্তরের যেখানটায় সমাবেশ করে বিজেপির
বিরুদ্ধে কংগ্রেস হুংকার দিয়েছিল, গতকাল ঠিক সেখানেই সমাবেশ করে কেজরিওয়াল
এই দুই দলকে ‘একই পথের পথিক’ হিসেবে অভিহিত করেন। কিছুদিন আগেই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি নিয়ে প্রশ্ন
তুলেছিলেন কেজরিওয়াল। গতকাল তিনি সে প্রসঙ্গটি তুলেই বলেন, ‘আমরা সব জায়গায়
খোঁজ নিয়ে দেখেছি, দিল্লির কোনো কলেজ থেকেই মোদি বিএ পাস করেননি। অথচ
গুজরাটের বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি বাগিয়ে নিয়েছেন। যিনি বিএ পাসই
করলেন না, তিনি এমএ ডিগ্রি পান কী করে?’ কেজরিওয়াল বলেন, অবাক কান্ড!
কংগ্রেসের কোনো নেতা-নেত্রী এখনো ওই ভুয়া দাবি নিয়ে প্রশ্নই তোলেননি।
ঠিক তেমনিভাবে, হেলিকপ্টার কেলেঙ্কারি নিয়ে গত দুই বছরে মোদির সরকারও একটি
পা-ও এগোয়নি। ঘুষ পাওয়া ব্যক্তিদের একজনকেও জেলে ঢোকাতে পারেনি। এমনকি
বিন্দুমাত্র ব্যবস্থাও নেয়নি জমি কেলেঙ্কারিতে জড়িত প্রিয়াঙ্কার স্বামী
রবার্ট ভদ্রের বিরুদ্ধে। অথচ হরিয়ানা ও রাজস্থানে বিজেপির সরকারই বিদ্যমান।
মোদির কথিত ভুয়া ডিগ্রির বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বে বহু
লোক আছেন, যাঁরা উচ্চশিক্ষিত না হয়েও চমকে দেওয়ার মতো কাজ করেছেন। মোদি,
আপনি ডিগ্রি না থাকার কথাটি স্বীকার করে নিন। অসত্য দাবি করার জন্য ক্ষমা
চেয়ে নিন। না হলে আপনাকে ঘিরে প্রশ্ন উঠতেই থাকবে।’

No comments:
Post a Comment