![]() |
| মৌলভি হায়বাতুল্লাহ আখুন্দজাদা |
মার্কিন
হামলায় গত শনিবার নিহত মোল্লা মানসুরের সহযোগী মৌলভি হায়বাতুল্লাহ
আখুন্দজাদাকে আফগান তালেবানের নতুন প্রধান ঘোষণা করা হয়েছে। মার্কিন
ড্রোন হামলায় মোল্লা মানসুরের মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার
পাশাপাশি গতকাল বুধবার এ ঘোষণা দেয় তালেবান বাহিনী। মোল্লা মানসুরের দুজন
সহযোগীর একজন ছিলেন হায়বাতুল্লাহ আখুন্দজাদা। আফগানিস্তানের রাজধানী
কাবুলের কাছে গতকাল তালেবানের আত্মঘাতী হামলায় আদালতের অন্তত ১০ কর্মী নিহত
হন। ঠিক সে সময়েই আসে তালেবানের নতুন প্রধান নিয়োগের আকস্মিক এ ঘোষণা।
ওই হামলাকে প্রতিশোধ হিসেবে আখ্যায়িত করে সংগঠনটি তাদের নেতৃত্ব
পরিবর্তনের মধ্যেও জঙ্গি হামলায় সক্ষমতার কথাই দৃশ্যত আরেকবার জানান দিল।
এদিকে ইতিমধ্যে নতুন তালেবান নেতাকেও শান্তি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান
জানিয়ে দিয়েছে তালেবান সরকার। তবে হায়বাতুল্লাহ আখুন্দজাদা ধারণ করা একটি
অডিও রেকর্ডে বলেছেন, আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় তাঁরা আর ফিরবেন
না। তালেবানের দাপ্তরিক মুখপাত্রের গতকাল সরবরাহ করা ধারণকৃত অডিওতে তিনি
বলেন, ‘না, আমরা কোনো ধরনের শান্তি আলোচনায় অংশ নেব না।’ কখন ওই অডিও
ধারণ করা হয় এবং অডিওতে দেওয়া কণ্ঠ আখুন্দজাদার কি না, তা যাচাই করা যায়নি।
এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘সুরা বৈঠকে সবার মতৈক্যের ভিত্তিতে
হায়বাতুল্লাহ আখুন্দজাদাকে ইসলামি আমিরাতের (তালেবান) নতুন নেতা নিয়োগ করা
হয়েছে। সুরার সব সদস্য তাঁর প্রতি আনুগত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ
হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনীর চরম শত্রু সিরাজুদ্দিন
হাক্কানি ও তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে
যৌথভাবে বাহিনীর প্রধানের সহযোগী নিয়োগ করা হয়েছে। তালেবানের আনুষ্ঠানিক
নাম ব্যবহার করে ওই বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি আমিরাত আফগানিস্তানের
নেতা ও বিশ্বস্ত সেনাপতি মোল্লা আখতার মানসুর পাকিস্তানের বেলুচিস্তান
প্রদেশে মার্কিন ড্রোন হামলায় শহীদ হয়েছেন।
এর আগে গত সোমবার তাঁর
মৃত্যুর খবর নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র। জ্যেষ্ঠ তালেবান সদস্যদের
প্রত্যাশা, গত বছর মানসুরের নিয়োগের পরে ক্রমশ ভাঙন ধরা তালেবানে
আখুন্দজাদা ঐক্য আনবেন। তবে তিনি আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা থেকে
বিরত থাকার যে নীতি মানসুর অনুসরণ করেছেন তা গ্রহণ করবেন কি না, সেটি এখনো
পরিষ্কার নয়। তালেবান বিশেষজ্ঞ রাহিমুল্লাহ ইউসুফজাই বলেন, আখুন্দজাদার
নিয়োগের পর ‘বিরাজমান অবস্থাই বহাল থাকবে।... আমি মানসুরের নীতির কোনো
বদল দেখছি না।’ এদিকে আফগান প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র
জাভিদ ফয়সাল এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা শান্তির জন্য হায়বাতুল্লাহকে
আমন্ত্রণ জানাচ্ছি। তালেবানের জন্য একমাত্র পথ রাজনৈতিক নিষ্পত্তি। অন্যথায়
নতুন নেতাকেও মানসুরের ভাগ্য বরণ করতে হবে।’

No comments:
Post a Comment