Tuesday, May 10, 2016

গির্জায় ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ক্যাথলিক মিশনে (গির্জা) ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির নাম মোশারফ হোসেন ওরফে লালু (৪০)। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। আহত তিনজন হলেন মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ কামারকান্দি গ্রামের মো. সুজন (২৪), ফরিদপুর সদর উপজেলার চরবিষ্ণুপুর খেজুরতলা গ্রামের দুই ভাই আমিরুল (৩০) ও মনিরুল (৩২)। পুলিশ ও গির্জা সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ক্যাথলিক মিশনে হানা দেয়। ডাকাতেরা প্রথমে সেখানকার ছাত্রাবাসে তালা লাগিয়ে দেয়। এরপর চারজন ধর্মযাজকের থাকার ঘরে হানা দিয়ে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা মিশনের অদূরে গুননগর এলাকায় পৌঁছালে গ্রামবাসী তাদের ধাওয়া করে ধরে ফেলে। গণপিটুনিতে মোশারফ ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিমুলিয়া ক্যাথলিক মিশনের প্রধান পালক আনন্দ মণ্ডল প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা ছাত্রাবাসে তালা দেওয়ার দৃশ্য দেখে একজন যাজক মুঠোফোনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। গ্রামের মানুষও জেনে যায়। তখন ধাওয়া করে চারজনকে ধরে ফেলে গ্রামের লোকজন। ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, গণপিটুনিতে নিহত মোশারফের বিরুদ্ধে মেহেরপুরের মুজিবনগর থানায় আটটি ডাকাতির মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা তিন ডাকাতের কাছ থেকে ৪২ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত আরও ১০ জনের নাম-পরিচয় জানা গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment