Tuesday, May 3, 2016

কিশোরগঞ্জে ৪ জনের ফাঁসি, একজনের আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জে চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শামসুদ্দিন আহমেদ (৬০), তাঁর ভাই নাসিরউদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজউদ্দিন (৬৬)। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামির নাম আজহারুল ইসলাম (৬০)। গত ১১ এপ্রিল এই পাঁচজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে গতকাল সোমবার রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করা হয়। গত বছরের ১৩ মে কিশোরগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। অভিযোগে বলা হয়, একাত্তরের ২৭ অক্টোবর কিশোরগঞ্জের করিমগঞ্জের আয়লা গ্রামে নাসিরউদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকার বাহিনী আবদুল বারেক, মো. হাবিবুল্লাহ, শেখ চান্দু মিয়া, শেখ মালেক, আফতাব উদ্দিন, সিরাজ উদ্দিন, আবদুল জব্বার ও আবদুল মজিদকে গুলি করে হত্যা করে। ১১ নভেম্বর নাসিরের নেতৃত্বে রাজাকাররা আয়লা গ্রামে লুণ্ঠন ও নির্যাতন চালায় এবং মিয়া হোসেনকে হত্যা করে। ৭ সেপ্টেম্বর রামনগর গ্রামে শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকাররা তাঁরই সহপাঠী পরেশ চন্দ্র সরকারকে আটক করে নির্যাতন ও হত্যা করে।

No comments:

Post a Comment