Saturday, May 7, 2016

চূড়ান্ত বিজয়ই লক্ষ্য: বাশার

বাশার আল আসাদ
সিরিয়ার উত্তরের শহর আলেপ্পো এবং সেই সঙ্গে পুরো সিরিয়ায় ‘চূড়ান্ত বিজয়’ সরকারের লক্ষ্য। এ কথা স্পষ্ট করে ঘোষণা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় এ কথা জানান বাশার। সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম আসাদের পাঠানো টেলিগ্রাম বার্তার কথা প্রকাশ করেছে।| বার্তায় বাশার সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত এবং তাদের নির্মূল না করা পর্যন্ত তাঁর সেনাবাহিনীর অভিযান চলবে। শুধু আলেপ্পো নয়, পুরো দেশ থেকেই বিদ্রোহীদের নির্মূল করা হবে। দুই সপ্তাহ ধরে আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। এতে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে ব্যাপক লড়াইয়ের পর গত বুধবার রাত একটা থেকে আলেপ্পোতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী এ প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। যুদ্ধবিরতি চলবে দুই দিন। এ প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দিলেও সিরিয়ার সেনাবাহিনী অভিযোগ করেছে, ইসলামপন্থী জঙ্গিরা এ প্রস্তাবের শর্ত ভঙ্গ করে সরকারের বাহিনী-নিয়ন্ত্রিত এলাকায় বোমা বর্ষণ করেছে। তবে বিদ্রোহী-নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলের এক অধিবাসী জানান, যুদ্ধবিমানগুলো মহড়া দিয়েছে। কিন্তু কোনো বোমাবর্ষণের ঘটনা ঘটেনি। আল শার এলাকার এক অধিবাসী জানান, সাময়িক এই যুদ্ধবিরতির ঘোষণার পর লোকজন রাস্তায় বের হয়েছে। দোকানপাটও খুলেছে অনেক। বাশারবিরোধী বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, থেকে থেকে শহরের বিভিন্ন প্রান্তে গোলাগুলির শব্দ কানে এলেও যুদ্ধ বন্ধ হয়েছে। আবাসিক এলাকাগুলোর ওপর বোমাবর্ষণের কোনো ঘটনা ঘটেনি।

No comments:

Post a Comment