Tuesday, May 10, 2016

তবু আশায় জিদান

জিনেদিন জিদান
ইতিবাচক থাকা ভালো। জিনেদিন জিদানও তা-ই থাকছেন। এটা সত্যি, অঙ্কের হিসাবে এখনো রিয়াল মাদ্রিদের সুযোগ আছে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার। আগামী শনিবার গ্রানাডার বিপক্ষে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে যদি বার্সেলোনা পয়েন্ট হারায়, আর একই দিনে রিয়াল যদি দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে জেতে, তাহলেই তো হয়ে গেল! রিয়াল জিতবে, এটা প্রবল আত্মবিশ্বাসী জিনেদিন জিদান বলে দিতেই পারেন। কিন্তু বার্সেলোনা পয়েন্ট হারাবে—এই আশা করা কি বাড়াবাড়ি হয়ে যায় না রিয়াল মাদ্রিদ কোচের জন্য? যে দল লা লিগায় সর্বশেষ চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২১ গোল দিয়েছে, একটাও গোল খায়নি, তারা লিগের শেষ ম্যাচে এসে খেই হারাবে ১৬ নম্বরে থাকা গ্রানাডার বিপক্ষে! কিন্তু খেলাটা যে ফুটবল! এই রিয়াল মাদ্রিদই তো গত ফেব্রুয়ারিতে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ছিল লিগে। তারপর টানা ১১ ম্যাচে জয় এবং মাঝে বার্সেলোনার টানা তিনটি হার হিসাবটা পাল্টে দিয়েছে। এখন লিগে একটি করে ম্যাচ বাকি থাকতে বার্সা মাত্র ১ পয়েন্টে এগিয়ে। আর এ কারণেই লিগের শেষ দিনে আরও একটা নাটকীয়তার প্রত্যাশায় জিদান, ‘ফুটবলে কখন কী হয়, আপনি বলতে পারবেন না। আমি শেষ পর্যন্ত দেখতে চাই। তবে সবার আগে আমাদের নিজেদের কাজটা করতে হবে। তারপর দেখা যাক, কী হয়!’ ইতিহাস অবশ্য বার্সেলোনারই পক্ষে। লিগের শেষ দিন পর্যন্ত বার্সেলোনা ও রিয়াল শিরোপার জন্য লড়ছে—সর্বশেষ এমন দেখা গিয়েছিল ২০০৯-১০ মৌসুমে। ওই মৌসুমের শেষ দিন পেপ গার্দিওলার বার্সেলোনা ভ্যালাদোলিদকে হারায় ৪-০ গোলে, কিন্তু ম্যানুয়েল পেলেগ্রিনির রিয়াল ১-১ গোলে ড্র করে মালাগার সঙ্গে। ফলে ট্রফি চলে যায় ন্যু ক্যাম্পে। লিগের শীর্ষে থাকা দল শেষ ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপা হাতছাড়া করেছে—লা লিগায় এমন ঘটনা ঘটেছে মাত্র সাতবার। বার্সেলোনার কখনো এ দুর্ভাগ্য হয়নি, তবে রিয়ালের হয়েছে চারবার। এবার রিয়াল চ্যাম্পিয়ন হলে সেটাও তাই নতুন ইতিহাসই হবে। এএফপি, মার্কা।

No comments:

Post a Comment