![]() |
| আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর |
অদ্ভুত
এক সম্পর্কের রসায়ন তৈরি করেছিলেন দুজনে। চাইলে তাঁদের পক্ষেও হয়তো আবার
তা নির্মাণ করা সম্ভব নয়। সম্ভব কি? এই উত্তর জানা যাবে শিগগিরই। আশিকি টু
দিয়ে মাতিয়ে দেওয়া আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর আবারও জুটি বাঁধছেন।
খ্যাতিমান পরিচালক মণি রত্নমের তামিল ছবি ওকে কানমানি হিন্দিতে নতুন করে
বানানো হচ্ছে। ওকে জানু নামের এই ছবিতে আবারও দেখা যাবে রাহুল-আরোহীকে।
অবশ্য ভিন্ন নামে। নাম ভিন্ন হলেও পুরোনো সেই রসায়নই দেখতে চাইবেন সবাই।
আশিকি টুর পর এই প্রথম যে আবারও জুটি বাঁধছেন এই দুজন। শ্রদ্ধা বলেছেন,
‘আগের ছবিতে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। আশা করি, এবার একই কিংবা আরও
বেশি ভালোবাসা পাব। ওকে জানুতে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত,
অসাধারণ একটা গল্প, চরিত্রটাও অসাধারণ। আমার জন্য এটা একেবারেই নতুন
ধরনের।’ এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। সুরকার হিসেবে এ আর রেহমান, সংলাপ
লিখেছেন গুলজার—দুর্দান্ত কিছুই হওয়ার কথা। রত্নম অবশ্য এবার পরিচালনা
করছেন না, শুধু গল্পটি লিখে দিয়েছেন। পরিচালনা করছেন শাদ আলী, রত্নমের দিল
সেতে সহকারী হিসেবে হাতেখড়ি হয়েছিল যাঁর। পরে সাথিয়া, বান্টি অউর বাবলির
মতো ছবিও বানিয়েছেন। তবে এসব তো পর্দার পেছনে। সবার চোখ থাকবে পর্দায়
শ্রদ্ধা-আদিত্যর ওপর। শ্রদ্ধাও বললেন, ‘আদির সঙ্গে আবারও পর্দায় কাজ করতে
পারাটা হবে দারুণ। ওর সঙ্গ তো আমার খুবই ভালো লাগে। এবার অবশ্য আমরা
একেবারেই আলাদা চরিত্র করছি।’ পিটিআই।

No comments:
Post a Comment