Saturday, May 14, 2016

গ্রানাডা না করুনিয়ায় ট্রফির মীমাংসা?

নিজেদের জয়, বার্সেলোনার পয়েন্ট হারানো—জটিল সমীকরণ!
এই সমীকরণটা মিললেই জেতা হবে লিগ শিরোপা। কিন্তু
ক্রিস্টিয়ানো রোনালদো ও হামেস রদ্রিগেজের খুনসুটি
তো তাতে থেমে থাকার নয়! কাল রিয়াল
মাদ্রিদের অনুশীলনে l ডেইলি মেইল
দূরত্বটা একেবারে কম নয়, পাক্কা ১ হাজার কিলোমিটার। সড়কপথে কমপক্ষে ৯ ঘণ্টার ভ্রমণ। লা লিগা কর্তৃপক্ষ চাইলেও চট করে ট্রফিটা গ্রানাডা থেকে করুনিয়ায় নিয়ে যেতে পারবে না। গ্রানাডায় জিতলেই বার্সেলোনা চ্যাম্পিয়ন। কিন্তু বার্সা হোঁচট খেলে করুনিয়ায় শিরোপা জিতে নিতে পারে রিয়াল মাদ্রিদ। ভালো একটা সংকটেই পড়েছে লা লিগা কর্তৃপক্ষ!
ইতিহাস আর ফর্ম মনে রাখলে ট্রফিটা গ্রানাডার কাছাকাছি রাখাটাই নিরাপদ। সর্বশেষ লিগে ঠিক এই পরিস্থিতি হয়েছিল ২০১০ সালে। শেষ ম্যাচের আগে বার্সার সঙ্গে রিয়ালের ব্যবধান ১ পয়েন্ট। পেপ গার্দিওলার বার্সা ঠিকই ভ্যালাদোলিদকে ৪-০ গোলে হারাল। কিন্তু ম্যানুয়েল পেলেগ্রিনির রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করে বসল মালাগার সঙ্গে। আজও কি সে রকম কিছুর পুনরাবৃত্তি হবে? জিনেদিন জিদান মনে মনে নিশ্চয়ই সেটি চাইবেন না। জানুয়ারিতে যখন দায়িত্ব নিয়েছিলেন, রিয়ালের তরী মাঝদরিয়ায় খাবি খাচ্ছে। শক্ত করে হাল তো ধরেছেনই, এখন সামনে দুটি বাতিঘরের উজ্জ্বল আলো। আপাতত লা লিগারটাই বেশি কাছে, কিন্তু সেটার জন্য একটু সাহায্য দরকার রিয়ালের। গ্রানাডা কি সেটি করবে? এ নিয়েই কদিন ধরে ঝড় বয়ে যাচ্ছে স্পেনের সংবাদমাধ্যমে। গুঞ্জনটা প্রথম উসকে দিয়েছিলেন গ্রানাডার গোলরক্ষক ইভান কেলেভা। চট করে তিন দিন আগে বলে বসলেন, বার্সাকে ঠেকাতে পারলে রিয়ালের কাছ থেকে কিছু একটা ‘প্রাপ্তি’র আশ্বাস থাকবে। ব্যস, শুরু হয়ে গেল তোলপাড়। স্পেনের কয়েকটি গণমাধ্যম প্রচার করল, গ্রানাডার কাছে মাদ্রিদ থেকে ব্রিফকেসভর্তি টাকা যাচ্ছে! গুঞ্জনটা এমনই জোরালো হলো, লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও বলতে বাধ্য হলেন, এ ধরনের বোনাস দেওয়ার কোনো নিয়ম নেই।
পরশু লুইস সুয়ারেজের সংবাদ সম্মেলনেও উঠল এমন প্রশ্ন। সুয়ারেজ অবশ্য সেটা পাত্তাই দেননি, ‘এসবে আমার মোটেই বিশ্বাস নেই। প্রতিটা দলই নিজের মর্যাদার জন্য খেলে। ব্রিফকেসের এসব কিছুই আমার জানা নেই।’ সুয়ারেজের অবশ্য এসব নিয়ে খুব বেশি মাথা না ঘামালেও চলে। খেলাটা গ্রানাডার মাঠে বটে, কিন্তু হঠাৎ নেমে আসা বিপর্যয় কাটিয়ে বার্সা যেভাবে ছুটছে, তাতে গ্রানাডার খুব বড় বাধা হয়ে ওঠার কথা নয়। গত মাসে চার ম্যাচে তিন হারে কোণঠাসা বার্সা পরের চার ম্যাচে চার জয়ে বার্সা করেছে ২১টি গোল। সুয়ারেজ মনে করিয়ে দিলেন, ভাগ্য বার্সার হাতেই, ‘মানসিকভাবে আমাদের শক্ত থাকতে হবে। মনে রাখতে হবে, ভাগ্য আমাদের হাতেই। আমরা ৯৩ থেকে ৯৪ মিনিট পাচ্ছি, এ রকম ম্যাচ আমরা মৌসুমে অনেকই জিতেছি।’ সুয়ারেজের জন্য লিগের শেষ ম্যাচটি প্রাপ্তিরও একটি উপলক্ষ। লা লিগায় এই মুহূর্তে সবচেয়ে বেশি ৩৭ গোল তাঁর, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে চারটি বেশি। তবে পিচিচি ট্রফিতে এক হাত রেখেও সুয়ারেজ সেটি নিয়ে খুব ভাবছেন না, ‘চ্যাম্পিয়ন না হতে পারলে পিচিচি বা গোল্ডেন বুট জিতে লাভ নেই।’ বোঝাই যাচ্ছে, বার্সা আজ শুরু থেকেই গ্রানাডার সব প্রতিরোধ গুঁড়িয়ে দিতে চাইবে! এএফপি, ইএসপিএন।

No comments:

Post a Comment