Wednesday, May 25, 2016

লক্ষ্মীপুরে গুলিতে ২ সহোদর নিহত

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ কর্মী দুই সহোদর মো. ইসমাইল হোসেন চৌধুরী (৪৭) ও তার ভাই ইব্রাহীম হোসেন রতন (৪২) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈদ্দের বাড়ির মোড়ে আনোয়ারের চা দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে নিহত রতন, রতন বাহিনীর প্রধান। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
নিহতরা হলেন সদর উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ীর শরিফ উল্যা ভূঁঞার ছেলে।
নিহতদের চাচাতো ভাই হারুনুর রশিদ জানান, সকালে ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহিম হোসেন রতন তাদের বাড়ীর পাশের মাছের ঘেরে খাওয়ার দিয়ে বৈদ্দের বাড়ির মোড়ের আনোয়ারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন যুবক এসে তাদের খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলে তাদের দুই জনের মাথার খুলি উড়ে যায়। এতে তারা ঘটনাস্থলেই মারা যায়। গুলি করতে আসা দুর্বৃত্তরা মুখোশধারী ছিলেন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে খুব কাছ থেকে গুলি করায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। তাদের মাথায়, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানায়, মো. ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহিম হোসেন রতন আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। গত ২ বছর আগে তারা আওয়ামীলীগে যোগ দেয়। বর্তমানে তারা আওয়ামীলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তাদের প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রতন বাহিনীর প্রধান রতন ও তার ভাইকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা, অপহরন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment