Tuesday, May 10, 2016

মহড়াকক্ষে ব্যস্ততা

মহড়ায় অভিনয়শিল্পী নিরব ও আইরিন
কাল ১১ মে বেলা সাড়ে তিনটায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এ উপলক্ষে সেদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে এক জাঁকজমক অনুষ্ঠানের। গানের পাশাপাশি এই অনুষ্ঠানে থাকবে চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের নাচের পরিবেশনাও। সেই নাচের মহড়াতেই এখন ব্যস্ত চলচ্চিেত্রর বেশ কয়েকটি চেনা জুটি। ৫ মে থেকে এফডিসির প্রশাসনিক ভবনের নিচতলায় ভিআইপি প্রজেকশন মিলনায়তনে শুরু হয়েছে তাঁদের মহড়া। গত রোববার সন্ধ্যায় মহড়ায় গিয়ে দেখা গেল নিরব ও আইরিনকে। তাঁরা দুজন আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির ‘পৃথিবীর যত সুখ’ গানটির সঙ্গে নাচের অনুশীলন করছিলেন। অনুশীলনের ফাঁকে কথা হলো নিরবের সঙ্গে। তিনি জানালেন, এ নিয়ে চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। নিরব বলেন, ‘এই অনুষ্ঠানে বারবার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এটি আমার জন্য বড় অর্জন।’ এদিকে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে ওঠার সুযোগ পাচ্ছেন আইরিন। রোমাঞ্চিত তিনি। আইরিন বলেন, ‘জাতীয় পর্যায়ে এত বড় ও সম্মানজনক আয়োজনে প্রথম যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য সম্মানের ব্যাপার।’ এ ছাড়া মূল আয়োজনে চিত্রনায়ক ওমর সানী ও অভিনয়শিল্পী ভাবনা জুটি বেঁধে অধিকার চাই ছবির একটি গানের সঙ্গে নাচবেন, ভুলো না আমায় ছবির গানের সঙ্গে থাকবে অমিত হাসান ও আলিশা প্রধানের পরিবেশনা এবং রোজ ও অমৃতা খান নাচবেন মন জানে না মনের ঠিকানা ছবির গানের সঙ্গে।

No comments:

Post a Comment