বেসরকারি
খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ২৪ বছরে পদার্পণ
করেছে। নতুন বছরে ব্যাংকটি আরও ব্যবসায়িক সফলতার আশা করছে। পাশাপাশি
নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করেছে ব্যাংকটি। ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে গতকাল মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ
তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ
বলেন, বর্তমানে ব্যাংকের ১০৪টি শাখা রয়েছে। চলতি বছরে আরও ৪টি শাখা খোলা
হবে। মার্চ পর্যন্ত আমানত ১১ হাজার ১৮২ কোটি টাকা ও ঋণ বিতরণ করা হয়েছে ১০
হাজার ৭১৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৫ শতাংশ ও ২০
শতাংশ বেশি।
জানুয়ারি-মার্চ সময়ে মুনাফা হয়েছে ৯৭ কোটি টাকা, যা আগের বছরের
একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি। গোলাম হাফিজ বলেন, তিন মাসের আমানত, ‘ঋণ ও
মুনাফার প্রবৃদ্ধি দেখে বলা যাচ্ছে, চলতি বছর হবে এনসিসি ব্যাংকের জন্য
ব্যবসায়িক সফলতার বছর। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে, আমানত
সংগ্রহ ও ঋণে মনোযোগ বাড়ানো হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আগামী
প্রজন্মকে সঞ্চয়ে উৎসাহিত করতে ইতিমধ্যে ইয়ং-স্টার প্রকল্পের সূচনা করা
হয়েছে। পাশাপাশি দেশের কৃষি খাত এবং ক্ষুদ্র ও মাঝারি খাতের শিল্পের বিকাশে
আমাদের রয়েছে সুনির্দিষ্ট কিছু প্রকল্প। এসব প্রকল্প ইতিমধ্যে গ্রাহক
চাহিদা পূরণে সক্ষম হয়েছে।’ ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান ও এ জেড এম
সালেহ।

No comments:
Post a Comment