Wednesday, May 25, 2016

‘অনুপ্রবেশ’ ও বন্যা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি

সর্বানন্দ সোনোয়াল
এবার উত্তর-পূর্ব ভারতের কোনো রাজ্যে প্রথমবার ক্ষমতায় এল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এত বড় প্রাপ্তির উদ্যাপন যেমনটা হওয়ার কথা, তেমনই হলো। গতকাল মঙ্গলবার মহাসমারোহে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির পরিষদীয় দলনেতা সর্বানন্দ সোনোয়াল। আসামের রাজধানী গুয়াহাটিতে বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভিভিআইপিদের উপস্থিতিতে সর্বানন্দ সোনোয়ালকে শপথবাক্য পাঠ করান আসামের রাজ্যপাল পিবি আচারিয়া। শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রী সর্বানন্দ বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে তাঁর সরকার। গুরুত্ব দেওয়া হবে আসাম চুক্তি রূপায়ণ, অনুপ্রবেশ ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানকে। আক্ষরিক অর্থেই যেন চাঁদের হাট ছিল গতকালের গৌহাটি। একসঙ্গে এত ভিভিআইপির সমারোহ এই শহর আগে দেখেনি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন ৩১ জন কেন্দ্রীয় মন্ত্রী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজয়রাজে সিন্ধিয়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলসহ বিজেপি শাসিত প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী। ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভান, সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও প্রফুল্লকুমার মহন্ত, ধর্মগুরু রবিশঙ্কর, রামদেব—কে নেই তালিকায়! রাজভবনের বদলে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় খানাপাড়ায় পশু হাসপাতাল ময়দানে। অতিথিদের জন্য আসনসংখ্যা ছিল ২০ হাজার। সকাল থেকেই গোটা এলাকাকে মুড়ে ফেলা হয় নিরাপত্তার কড়া চাদরে। সর্বানন্দের সঙ্গেই এদিন মিত্রজোট মন্ত্রিসভায় বিজেপির আরও চারজন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁরা হলেন হীমন্ত বিশ্বশর্মা, রঞ্জিত দত্ত, চন্দ্রমোহন পাটোয়ারি ও পরিমল শুক্লবৈদ্য। একমাত্র বাঙালি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বাংলায় ও নারী সদস্যা প্রমীলা রানী বোড়ো ভাষায় শপথ নেন। স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে বিজেপির পল্লবলোচন দাস ও নবকুমার দোলেকেও রাজ্যপাল শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে অসম গণপরিষদের (অগপ) তুল বরা ও কেশব মহন্ত এবং বোড়ো পিপলস ফ্রন্টের (বিপিএফ) প্রমীলা রানী ব্রক্ষ্ম ও রিহন দৈমারিও পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন। ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, আসামের উন্নয়নে সব সময়ই কেন্দ্রীয় সরকার পাশে থাকবে।

No comments:

Post a Comment