Wednesday, May 25, 2016

ভোট চাওয়ার সময় বিএনপির প্রার্থীকে পিটুনি

ঝিনাইদহ সদর হাসপাতালের বিছানায় আহত
আবদুল হান্নান। ছবি: প্রথম আলো
সকালে পাড়ার মধ্যে ভোট চাইতে বেরিয়েছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল হান্নান। হঠাৎ করে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে করে এসে আরোহীরা তাঁকে ঘিরে ফেলেন। শুরু হয় এলোপাতাড়ি পিটুনি। সন্ত্রাসীরা হাতে থাকা লোহার রড দিয়ে তাঁকে পেটান। পরে গ্রামের লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। আজ বুধবার সকালে ঘটনাটি ঘটে। আবদুল হান্নান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি-মনোনীত প্রার্থী। এই ইউনিয়নে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আহত আবদুল হান্নানের ভাই ওহিদুজ্জামান বুলু জানান, সকাল ১০টার দিকে তাঁর ভাই তিনজন কর্মীকে সঙ্গে নিয়ে ইউনিয়নের শীতলীপাড়া গ্রামে ভোটারদের কাছে ভোট চাইতে যান। ওই গ্রামের দুলাল হোসেনের বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলা অবস্থায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁদের ঘিরে ফেলে। এরপর শুরু হয় এলোপাতাড়ি পিটুনি। তারা কর্মীদের দু-একটি চড়-থাপ্পড় দিলেও আবদুল হান্নানকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পেটাতে থাকেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ওহিদুজ্জামান অভিযোগ করেন, ঝিনাইদহ জেলা শহর থেকে আসা একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। তারা আবদুল হান্নানকে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে না। প্রায়ই নানাভাবে কর্মীদের হুমকি দিয়ে আসছিল। এমনকি ধানের শীষের পক্ষে থাকলে মামলা দিয়ে হয়রানিরও ভয়ও দেখানো হচ্ছে। এসব কারণে তাঁরা ঠিকমতো প্রচার চালাতে পারছেন না। সর্বশেষ আজ তাঁর ভাইকে পেটানো হলো। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শারমীন আহম্মদ বলেন, আবদুল হান্নানের শরীরে কোথাও কেটে যায়নি। কিন্তু পিটুনির কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফুলে গেছে। তবে আশঙ্কার কিছু নেই। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, একটি গোলমালের খবর তাঁরা শুনেছেন। তবে কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment