![]() |
| গ্রিসের পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করার পর ইডোমেনি গ্রাম এলাকা থেকে সরে যাচ্ছে শরণার্থীরা l এএফপি |
মেসিডোনিয়া
সীমান্তসংলগ্ন গ্রিসের ইডোমেনি গ্রামে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া
শরণার্থীদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে পুলিশ। গ্রিস সরকারের পক্ষ থেকে
বলা হয়েছে, দেশটির শরণার্থী অভ্যর্থনাকেন্দ্র ও বিভিন্ন জায়গায় তাদের সরিয়ে
নেওয়া হবে। সেখানে তাদের থাকার জন্য অপেক্ষাকৃত ভালো ব্যবস্থা রাখা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার
সূর্যাস্তের পরপরই পুলিশের প্রায় ৭০০ সদস্য শরণার্থীদের আশ্রয় নেওয়া এলাকায়
অবস্থান নেন। এদের একটি বড় অংশ ছিল দাঙ্গা পুলিশ। শরণার্থীদের মধ্য থেকে
কোনো বাধা এলে তাদের দমন করতেই তাদের মোতায়েন করা হয়। তবে শরণার্থীদের মধ্য
থেকে কোনো বাধা আসার খবর পাওয়া যায়নি। সরকারের অভিবাসনবিষয়ক মুখপাত্র
ইয়োরগোস কিরিতসিস গতকাল এএফপিকে বলেন, খুব ধীরেসুস্থে অভিযান চলছে।
পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো বলপ্রয়োগ করতে হচ্ছে না। তিনি বলেন,
তাঁরা ইডোমিনিতে অবস্থান নেওয়া ৮৪০০ শরণার্থী সরিয়ে নেবেন। এর জন্য দিন
দশেক সময় লাগতে পারে বলে তাঁরা মনে করছেন। গতকাল শরণার্থীশিবিরের যে অংশে
অভিযান চালানো হয়, সেখানে গণমাধ্যমের কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। তবে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরে সেখানে চারটি বড় যাত্রীবাহী বাসে প্রায়
৪০০ লোক নিয়ে যেতে দেখা গেছে। এ সময় সেখানে মাথার ওপর একটি হেলিকপ্টার
চক্কর দিতে দেখা যায়। কর্মকর্তারা বলেছেন, অভ্যর্থনা কেন্দ্রে ছয় হাজার
লোকের থাকার জায়গা আছে। এ ছাড়া ইডোমিনি থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে
থেসালোনিকির একটি পরিত্যক্ত কারখানা এলাকায়ও থাকার ব্যবস্থা রয়েছে।
পর্যায়ক্রমে তাদের সেখানে নেওয়া হবে। প্রধানত যুদ্ধবিধ্বস্ত ইরাক, সিরিয়া ও
আফগানিস্তান থেকে আসা এসব শরণার্থী গ্রিস দিয়ে মেসিডোনিয়া হয়ে উত্তর
ইউরোপে ঢোকার চেষ্টা করে আসছে। কিন্তু গত ফেব্রুয়ারিতে মেসিডোনিয়া তার
সীমান্ত আটকে দেওয়ায় তারা সেখানেই তাঁবু গেড়ে অবস্থান নেয়। এসব শরণার্থীর
একটি বড় অংশ নারী ও শিশু। তাদের পরিবারের কেউ কেউ আগেই ইউরোপে ঢুকে পড়তে
সক্ষম হয়েছে।

No comments:
Post a Comment