![]() |
| সিরিজের মীমাংসায় পয়েন্ট পদ্ধতি চান না মাইকেল ভন। |
পয়েন্টের
ভিত্তিতে সিরিজ নির্ধারণ—আসন্ন ইংলিশ গ্রীষ্মেই ক্রিকেটে চালু হতে যাওয়া
এই পদ্ধতি নিয়ে চলছে বিস্তর আলোচনা-তর্ক। ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত
এই পদ্ধতি ক্রিকেটকে আকর্ষণীয় করতে কতটা কার্যকর ভূমিকা রাখবে, সে নিয়েই
চলছে আলোচনা। সাবেক ক্রিকেটারদের অনেকেই এর পক্ষে, অনেকে আবার এর বিরোধিতাও
করেছেন। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের মতে, ইংলিশ গ্রীষ্মে শ্রীলঙ্কা ও
পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজে চালু হতে যাওয়া পয়েন্ট পদ্ধতি সবদিক দিয়েই
হাস্যকর একটি ব্যাপার। কেন ‘হাস্যকর’? ব্যাখ্যাও দিয়েছেন ভন, ‘আমার মনে
হচ্ছে, এটা দিয়ে বিষয়টাকে জটিল করা হচ্ছে। জয়-পরাজয়ের সংখ্যা দিয়ে এত দিন
সিরিজ নির্ধারিত হতে পারলে হঠাৎ করে এমন কী হলো যে পরিবর্তন করতে হবে। এই
পরিবর্তনের কোনোই দরকার নেই। অনেক সময় বেশি বুদ্ধি এক হয়ে গেলে যা হয় আরকি,
এই সিদ্ধান্তের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’ পয়েন্টের ভিত্তিতে সিরিজ
নির্ধারণের বিষয়টি খুব একটা টানছে না শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো
ম্যাথুসকেও। পুরোপুরি এর বিরোধিতা অবশ্য তিনি করেননি। কিন্তু বলেছেন,
‘ক্রিকেটের ঐতিহ্যগুলো বদলে ফেলায় আমার মন ঠিক সাঁয় দিতে চায় না। তবে
ক্রিকেট প্রশাসকেরা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সেটা মেনে নিয়েই এগোতে
হবে। অভিজ্ঞতার মধ্য দিয়েই বুঝতে হবে জিনিসটা আসলে কতটুকু ভালো, কতটুকু
খারাপ।’ ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব অনুযায়ী শ্রীলঙ্কা ও পাকিস্তানের
বিপক্ষে ইংল্যান্ডের দুটি সিরিজ নির্ধারিত হবে পয়েন্টের ভিত্তিতে।
প্রস্তাবটি নীতিগতভাবে মেনে নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও।
প্রস্তাব অনুযায়ী সিরিজের প্রতিটি টেস্ট জিতলে বিজয়ী দলকে দেওয়া হবে ৪
পয়েন্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো জিতলে দেওয়া হবে ২ পয়েন্ট। এভাবে
সিরিজ শেষে মোট পয়েন্ট যোগ করেই নির্ধারিত হবে বিজয়ী দল। ইংলিশ ক্রিকেট
বোর্ড মনে করছে, এই পদ্ধতি চালু হলে যেকোনো সিরিজের প্রতিটি ম্যাচই আলাদা
গুরুত্ব বহন করবে। সূত্র: টিএনএন।

No comments:
Post a Comment