Thursday, May 26, 2016

মৌলভীবাজারের ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছেন প্রসিকিউশন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ জুন পরবর্তী তারিখ ঠিক করেছেন আদালত। আসামিরা হলেন শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। ওই ৫ জনের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়রুল হকের নেতৃত্বে তিন সদেস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আজ ট্রাইব্যুনালের শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও আবুল কালাম শুনানি করেন। এর আগে গত ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই পাঁচজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগের ৫টি অভিযোগ আনা হয়েছে। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২০ জানুয়ারি তা শেষ করেন তদন্ত সংস্থা। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হরি দেবনাথ। গত বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সেদিন বিকেলেই রাজনগর উপজেলার গয়েসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে (৭০) তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

No comments:

Post a Comment