![]() |
| বার্নি স্যান্ডার্স |
যুক্তরাষ্ট্রের
ওয়েস্ট ভার্জিনিয়ার কয়লাখনি বৈশ্বিক উষ্ণতায় ভূমিকা রাখছে—এমন কারণ দেখিয়ে
এই অঙ্গরাজ্যের খনি বন্ধের কথা বলেছিলেন হিলারি ক্লিনটন। বলেছিলেন,
প্রেসিডেন্ট নির্বাচিত হলে কয়লার ব্যবসাকে তিনি ‘লাটে’ তুলবেন। তাঁর এই
বক্তব্যে ক্ষুব্ধ ছিলেন সেখানকার খনিসংশ্লিষ্ট লোকজন। মঙ্গলবার
ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বিপুল ভোটে সিনেটর বার্নি স্যান্ডার্সকে
জয়ী করে হিলারির সে কথারই শোধ তুলেছেন তাঁরা। আর এই জয়ে চাঙা হয়ে উঠেছেন
স্যান্ডার্স। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায়
ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান প্রাইমারিতে জয় পেয়েছেন। গত সপ্তাহে
ইন্ডিয়ানার প্রাইমারিতে ধরাশায়ী হওয়ার পর তাঁর অবশিষ্ট দুই
প্রতিদ্বন্দ্বী—সিনেটর টেড ক্রুজ ও গভর্নর জন কেইসিকও লড়াই থেকে সরে
দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। একই দিনে অনুষ্ঠিত নেব্রাস্কার প্রাইমারিতেও
ট্রাম্প সহজে জয়ী হয়েছেন। এর মাধ্যমে তাঁর সংগৃহীত ডেলিগেটের মোট সংখ্যা
১১০৭-এ দাঁড়াল। মনোনয়ন নিশ্চিত করতে এখন ট্রাম্পের আর মাত্র ২৩০ জন
ডেলিগেটের সমর্থন প্রয়োজন। প্রায় ১৬ পয়েন্টের ব্যবধানে ওয়েস্ট
ভার্জিনিয়াতে বিজয় সত্ত্বেও ডেলিগেটের হিসাবে স্যান্ডার্স অবশ্য খুব বেশি
অগ্রসর হতে পারেননি। আনুপাতিক হারে ভাগাভাগির নিয়ম থাকায় স্যান্ডার্স এই
রাজ্যের ২৯ জন ডেলিগেটের মধ্যে ১৬ জনের সমর্থন দখলে নেন। আর হিলারির ভাগে
পড়ে ১১ জন। এতে করে সুপার ডেলিগেটসহ হিলারির পক্ষে ডেলিগেটের সংখ্যা ২২৩৯।
আর স্যান্ডার্সের পক্ষে ১৪৬৯ জন।
দলীয়
মনোনয়ন পেতে হলে প্রয়োজন ২৩৮৩ জন ডেলিগেট, সুপার ডেলিগেটদের সমর্থনে
হিলারি তা পাবেন, এ নিয়ে কোনো মহলেই সন্দেহ নেই। নির্বাচনী দৌড় থেকে তিনি
এখনো কেন সরে দাঁড়াচ্ছেন না, সে কথা প্রমাণের জন্য ওয়েস্ট ভার্জিনিয়াতে
স্যান্ডার্সের বড় মাপের একটি জয় পাওয়ার ভীষণ প্রয়োজন ছিল। আর সেটি তিনি
অর্জনও করেছেন। শুধু তা-ই নয়, এ মাসের পরবর্তী একাধিক প্রাইমারিতে
স্যান্ডার্স ভালো ফল পাওয়ার আশা করছেন। ওরেগন, কেন্টাকি ও ওয়াশিংটন
অঙ্গরাজ্যে প্রায় সব জনমত গণনায় তিনি এগিয়ে আছেন। ওয়েস্ট ভার্জিনিয়ার মতোই
এসব রাজ্য অর্থনৈতিক মন্দাবস্থায় রয়েছে। তা ছাড়া এখানে আফ্রিকান-আমেরিকান ও
হিস্পানিক ভোটারের সংখ্যাও কম। এর আগে এই দুই জনগোষ্ঠীর ভোটেই নগরপ্রধান
রাজ্যগুলোতে বিজয় অর্জন করেন হিলারি। ডেলিগেট গণনা তাঁর বিপক্ষে, সে কথা
জানার পরও স্যান্ডার্স প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে বদ্ধপরিকর। ওয়েস্ট
ভার্জিনিয়ার প্রাইমারির ফলাফল ঘোষিত হওয়ার আগেই স্যান্ডার্স তাঁর সমর্থকদের
কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় নিজের বিজয় সম্পর্কে দৃঢ় আস্থা ব্যক্ত করার
পাশাপাশি পরের লড়াইগুলো চালিয়ে যেতে চাঁদা দেওয়ারও আহ্বান জানান।

No comments:
Post a Comment