রাসায়নিক
দিয়ে পাকানো প্রায় দেড় শ মণ আম জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার
রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে
আমগুলো ধ্বংস করা হয়। সন্ধ্যার দিকে ট্রাক বোঝাই এই আমগুলো সদর উপজেলার
একটি বাগান থেকে জব্দ করা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান সকালে প্রথম
আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক পরিমল সিংহ জানতে পারেন
সদর উপজেলার আমঝুপি গ্রামের জোয়ার্দারপাড়ার একটি আম বাগান থেকে এক ট্রাক
অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম চট্টগ্রাম যাওয়ার জন্য অপেক্ষা করছে। এমন
খবর পেয়ে সন্ধ্যার দিকে তিনি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন
চৌধুরী পুলিশ নিয়ে ওই বাগানে অভিযান চালান। সেখান থেকে ট্রাক বোঝাই আম জব্দ
করেন। এ সময় আম ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে জব্দ করা আমসহ
ট্রাকটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেওয়া হয়। মঈনুল হাসান আরও বলেন,
আমগুলো বেশির ভাগই ছিল হিমসাগর। কয়েক দিন আগে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও
আম ব্যবসায়ীদের নিয়ে বৈঠকের পর ২৫ মের আগে মেহেরপুরের কোনো বাগান থেকে
হিমসাগর আম না পাড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। অপরিপক্ব ও রাসায়নিক দিয়ে
আমগুলো পাকানো হয়েছেÑএমন প্রমাণ পাওয়ায় সব আম ট্রাকের চাকায় পিষ্ট করে নষ্ট
করা হয়েছে। আমগুলো ধ্বংস করার সময় জেলা প্রশাসক পরিমল সিংহ, কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম
কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment