Thursday, August 11, 2016

মেসির জোড়া গোলে গাম্পার ট্রফি বার্সেলোনার

ইন্টারন্যাশনার চ্যাম্পিয়ন্স কাপের তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। কিন্তু বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ফিরে জ্বলে উঠলেন তিনি। মেসির জোড়া গোলে হুয়ান গাম্পার ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। এবার তারা ৩-২ গোলে হারিয়েছে ইতালির ক্লাব সাম্পদোরিয়াকে। বার্সেলোনা ক্লাবের প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পারের নামে প্রতি মৌসুমের আগে এই প্রতিযোগিতা হয়। ইউরোপের কোনো একটি ক্লাবের বিপক্ষে তারা এই প্রতিযোগিতায় মাঠে নামে। ১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার ৫১তম আসর ছিল এবার। এই নিয়ে গাম্পার ট্রফির ৩৯ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। বার্সেলোনা গাম্পার ট্রাফির শিরোপা জিতলো টানা চারবার। সর্বশেষ ২০১২ সালে তারা শিরোপা জিততে পারেনি। সেবার এই সাম্পদোরিয়ার কাছেই তারা হারে। তবে এবার দারুণ প্রতিশোধ নিয়েছে কাতালানরা। আগামী শনিবার স্প্যানিশ লা-লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার আগে নিজেদেরকে দারুণভাবে ঝালাই করে নিল বার্সেলোনার খেলোয়াড়রা। সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এর পাঁচ মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। কিন্তু ২৩ মিনিটে সাম্পদোরিয়ার ব্যবধান কমান লুইস মুরিয়েল। কিন্তু এর ঠিক ১০ মিনিট পরে ফের বার্সেলোনার ব্যবধান বাড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি। ৭৭ মিনিটে ফের ব্যবধান কমায় সাম্পদোরিয়া। এবার গোল করেন আন্তে বুদিমির। কিন্তু শেষ পর্যন্ত তারা বার্সেলোনার জয় ঠেকাতে পারেনি। গত মৌসুমে স্প্যানিশ লা-লিগা ও কোপা দেল রে’র শিরোপা জয়ের পর আরও একটি শিরোপা জিতলো বার্সেলোনা।

No comments:

Post a Comment