Thursday, August 11, 2016

সেই ব্রাজিল-ই দাপট দেখিয়ে শেষ আটে

শেষ পর্যন্ত দাপুটে জয়েই অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠলো ব্রাজিল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ডেমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সব শঙ্কা দূর করেছে তারা। প্রথম দুই ম্যাচ শেষে ঘরে মাঠের অলিম্পিকের গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ছিল স্বাগতিক ব্রাজিল। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইরাক- দুই দলের সঙ্গেই গোলশূন্য ড্র করে করে তারা। শেষ ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত হয়ে যেতো তাদের। আর ড্র করলে অন্য দলের ফলের দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু সেই সব শঙ্কা দূর করে বড় জয়েই কোয়ার্টার ফাইনালে উঠলো তারা। ‘এ’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ৪ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী ডেনমার্ক। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে ইরাক ও দক্ষিণ আফ্রিকা। ডেনমার্কের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যায় তারা। গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসাস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে তারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৫০ মিনিটে লুয়ানের গোলে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। আর ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে ব্রাজিলের এক হালি গোল পূর্ণ করেন গ্যাব্রিয়েল বারবোসা। ব্রাজিলের হয়ে প্রথম ও শেষ- দুই গোলই করেন তিনি। অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের লক্ষ্যে শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।

No comments:

Post a Comment