Wednesday, August 31, 2016

ওয়ানডে ক্রিকেট সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

রেকর্ড সবসময় অক্ষুণ্ন থাকে না! বলা হয়ে থাকে রেকর্ড হয়, রেকর্ড ভাঙার জন্যই। তবে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে শ্রীলঙ্কার করা সর্বোচ্চ ৪৪৩/৯ রানের স্কোর বেশ ভালোই টেকসই হলো। সেই যে ২০০৬, নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিল তারা। সেটাই ওয়ানডে ক্রিকেটে এক দলের সর্বোচ্চ স্কোর হিসেবে জ্বলজ্বল করছিল। কাল সেটাকে মলিন করে দিলো ইংল্যান্ড। ভেঙে গড়েছেন তারা নতুন বিশ্বরেকর্ড। তাদের স্কোর এখন ৪৪৪/৩।  পাকিস্তানের বিপক্ষে ওই রান করেছে তারা ট্রেন্টব্রিজে। ওয়ানডে ক্রিকেটে চার শ’ পার হওয়া স্কোরের সংখ্যা কম। মোট ১৮ বার হলো এটা।
এর মধ্যে সর্বাধিক ছয়বার দক্ষিণ আফ্রিকারই। শুধুই তা-ই নয়, হয়েছে ইংলিশ রেকর্ডও। এটা তাদের দ্বিতীয় চার শ’ পেরোনো রান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বার্মিংহামে করেছিল তারা ৪০৮ রান। ইংল্যান্ডের এমন স্কোরের রূপকার অ্যালেক্স হেলস। ১২২ বলে করেন তিনি ১৭১ রান, যার মধ্যে রয়েছে ৪ ছক্কা ও ২২ বাউন্ডারি। পাকিস্তানের বোলারদের দাঁড়াতেই দেননি তিনি। ইংলিশ ক্রিকেটের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে এ স্কোরও একক সর্বোচ্চ। এর আগে রবিন স্মিথ ছিলেন টপ স্কোরার। ২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হেলস। নটিংহ্যামের টেন্টব্রিজে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার এ তৃতীয় ওয়ানডেতে কে জয় পাবে সেটা আর বলার অপেক্ষা ছিল না। পাকিস্তান ২৭৫ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড ম্যাচ জেতে ১৬৯ রানে। আর এর মাধ্যমে ইংল্যান্ড ৫ ম্যাচ সিরিজে ৩-০-এ এগিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলল।

No comments:

Post a Comment