প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর রাত থেকে মংলা বন্দরের জাহাজে পণ্য বোঝাই ও খালাস কাজ শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকায় মঙ্গলবার রাত ১১টার পর জাহাজে মাল বোঝাই ও খালাস কাজ বন্ধ রাখা হয়। মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (ট্রাফিক) আব্দুস ছালাম বলেন, বর্তমানে বন্দরের পশুর চ্যানেলের বেস ক্রিক ও হারবাড়িয়ায় পণ্য বোঝাই ৬ টি জাহাজ অবস্থান করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজের কাজ ২৪ ঘন্টার জন্য বন্ধ রাখা হলেও বৃহস্পতিবার ভোর থেকে পুনঃরায় চালু হয়েছে। ওদিকে, মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। নিন্মচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়া জেলেরা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে বন বিভাগ। ভারী বৃষ্টিপাতের কারনে পানিতে প্লাবিত হয়েছে মংলার নিন্মাঞ্চল। শহরের সিগনাল টাওয়ার, কুমারখালী, মাছমারা ও চাঁদপাই ইউনিয়নের নদী সংলগ্ন কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment