Thursday, September 29, 2016

জন্মদিনে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা

বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উদযাপিত হয়েছে।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে সীমিত পরিসরে জন্মদিনের কর্মসূচি পালন করেছে দলটি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রাসহ গৃহিত কর্মসূচি স্থগিত করে আওয়ামী লীগসহ দলের সহেযাগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।
দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা, দুস্থদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।
বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক।
মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগমসহ গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment