Tuesday, September 27, 2016

রাশিয়ায় দক্ষ কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : নুরুল ইসলাম বিএসসি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইনাটভ। বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ শ্রমিক নেয়ার ব্যাপারে রাষ্ট্রদূতের সার্বিক আলোচনা হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত সাক্ষাতের শুরুতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি প্রদান এবং যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতা ছিল অসামান্য। এছাড়াও বর্তমানে রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে রাশিয়া সরকারের সার্বিক সহযোগিতার জন্য মন্ত্রী রাশিয়া সরকারকে কৃতজ্ঞতা জানান।
মন্ত্রী বলেন, রাশিয়ার মতো উন্নত দেশে সব সেক্টরে দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশ এখন পুরো প্রস্তুত। এ লক্ষ্যে বর্তমানে ৭০টি টিটিসির মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের সরকারকে অনুরোধ জানান।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়া এবং কর্মীর স্বার্থ সুরক্ষার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে তিনি তার দেশের সরকারকে অনুরোধ করবেন।
ইতিমধ্যে বাংলাদেশ থেকে ২২৫ জন কর্মীর জন্য রাশিয়ার একটি কোম্পানি থেকে চাহিদাপত্র এসেছে।
সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আব্দুর রউফ প্রমুখ।
>>>নয়া দিগন্ত

No comments:

Post a Comment