Thursday, September 22, 2016

অবসরে যাওয়ার আগে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে চান মিসবাহ

মিসবাহ উল হক
দীর্ঘদিন পরে হলেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার পর উভয় দেশের কুটনৈতিক সম্পর্ক টানা পোড়ানার কারণে ভারত-পাকিস্তান চলতি দশকে পূর্ণাঙ্গ কোন ক্রিকেট সিরিজে মুখোমুখি হয়নি। আইসিসি টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী আসরে জোহানেসবার্গে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৫ রানে পাকিস্তানকে হারানোর পর সর্বশেষ ২০০৭ সালে এশিয়ার দুই শক্তিধর টেস্ট সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছিল। অনিল কুম্বলের নেতৃত্বাধীন ভারতীয় দল নিজ মাঠ জয়পুরে প্রথম ম্যাচ ৩১ রানে জয় লাভ করেছিল। তবে তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচ ড্র করেছিল শোয়েব মালিকের নেতৃত্বাধীন পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি ২০১৫ সালের শেষ দিকে তিন ফর্মেটেই একে অপরের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ভারতীয় সরকারের অনুমতি না পাওয়ায় প্রস্তাবিত সিরিজটি আর আলোর মুখ দেখেনি। গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের রাজ দন্ড গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান অধিনায়ক মিসবাহ অবসর নেয়ার আগে বিরাট কোহলির নেতৃত্বধীন ভারতীয় দলের বিপক্ষে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
রাজদন্ড গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে ৪২ বছর বয়সী মিসবাহ বলেন, ‘সীমান্তের উভয় পশের জনগনই ক্রিকেট পাগল। তাই অবসরের আগে আমি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চাই।’ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে জয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তান। এ পর্যন্ত ৫৯ টেস্টে পাকিস্তান জিতেছে ১২ টেস্টে, হেরেছে ৯টিতে। মিসবাহ বলেন, ‘গত বছর ভারতের বিপক্ষে আমাদের খেলার কথা ছিল এবং তারপরই আমার অবসর নেয়ার পরিকল্পনা ছিল।’ কিন্তু অনেক কারণেই সে সিরিজটি আলোর মুখ দেখেনি। সম্প্রতি ইংল্যান্ড সফরে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত করেছে। উৎফুল্ল মিসবাহ আরো বলেন, ‘উভয় দেশের জনগণের মধ্যে ক্রিকেটের প্রতি ভালবাসা ও আগ্রহই একে অপরের বিপক্ষে খেলার আগ্রহ সৃষ্টি করেছে।’ এ সময় সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও কথা বলেন মিসবাহ। জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলও পাকিস্তানের মতই আনপ্রেডিক্টেবল উল্লেখ করে তিনি বলেন, ‘সংযুক্ত আরবের স্পিন সহায়ক কিন্ডশনের সঙ্গে তারাও পরিচিত।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০, ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। যার মধ্যে রয়েছে একটি দিবা-রাত্রির টেস্ট।

No comments:

Post a Comment