Wednesday, September 7, 2016

একজোট হলো মাইক্রোসফট, অ্যাপল, গুগল ও অ্যামাজন

মাইক্রোসফটের কাছে ফেডারেল এজেন্টরা গ্রাহকদের ডিজিটাল তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন বিচার বিভাগের বিপরীতে মামলা করে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গ্রাহকের অগোচরে কোনো তথ্য সরবরাহ করবে না মাইক্রোসফট। এ ক্ষেত্রে গ্রাহককে সতর্ক করেই তথ্য সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। সম্প্রতি মাইক্রোসফটের এ লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে অ্যাপল ইনকরপোরেশন, অ্যামাজন ডটকম ইনকরপোরেশন, গুগল প্যারেন্ট অ্যালফাবেট ইনকরপোরেশনের মতো ডজনেরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান।  মাইক্রোসফট দায়ের করা মামলায় জানিয়েছে, গত ১৮ মাসে কোম্পানির কাছে পাঁচ হাজার ৬২৪টি গ্রাহক তথ্য চেয়েছেন ফেডারেল কর্মকর্তারা। এর মধ্যে ২ হাজার ৫৭৬টি ছিল গ্যাগ অর্ডার। এ ধরনের অর্ডার দেয়া হলে সরকারের তথ্য চাওয়ার বিষয়টি সে সময়ের জন্য গ্রাহককে অবগত করার অনুমোদন থাকে না প্রতিষ্ঠানের। অর্থাৎ প্রতিষ্ঠানকে সব সময়ই গ্রাহকের কাছে সরকারের তথ্য চাওয়ার বিষয়টি গোপন রাখতে হবে। বিপি আমেরিকা ইনকরপোরেশন,
ডেল্টা এয়ারলাইনস ইনকরপোরেশন ও এলি লিলি অ্যান্ড কোম্পানির মতো ক্লাউড-কম্পিউটিং সেবা ব্যবহাকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটকে সমর্থন জোগাচ্ছে। মাইক্রোসফটের সমর্থনে থাকা গণমাধ্যম সংস্থাগুলোর মধ্যে ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ নেটওয়ার্ক ও ন্যাশনাল পাবলিক রেডিও উল্লেখযোগ্য। ইয়াহু চলতি বছরের প্রথম সাত মাসে ব্যবহারকারীর তথ্য অনুসন্ধানে ৭০০-এর বেশি ফেডারেল সার্চ ওয়ারেন্ট পেয়েছে। এই প্রেক্ষাপটে মাইক্রোসফটসহ অন্য প্রতিষ্ঠানগুলো একে অন্যের সাথে জোরালো প্রতিযোগিতায় শামিল হলেও কিছু বিষয়ে একজোট হয়ে কথা বলতে হয়। কারণ বেশ কিছু বিষয় গ্রাহক ও কোম্পানি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। সরকারের বিরুদ্ধে টেক জায়ান্টদের এ একাত্মতা এবারই প্রথম নয়। ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগের সাথে এনক্রিপশন জটিলতায় জড়িয়ে পড়ে অ্যাপল। ওই সময় গুগল, ফেসবুক, মাইক্রোসফটসহ অন্যরাও সমর্থন জুগিয়েছিল অ্যাপলের পক্ষে।

No comments:

Post a Comment