রাজধানীতে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত
হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। গতরাত দেড়টার দিকে ধানমন্ডি এলাকায় এ ঘটনা
ঘটে। আহত দুই ছিনতাইকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। জানা যায়,
ছিনতাইকারীদের দলটি একটি প্রাইভেট কার নিয়ে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে
রাত আনুমানিক ১টার দিকে ছিনতাই শুরু করে। শাহবাগ এলাকায় এক নারীর ব্যাগ
ছিনতাই করলে তাদের ধাওয়া করে সাধারণ জনতা। পরে ধানমন্ডি-২ এলাকার কাছে
তাদের ধরে গণপিটুনি দেয় জনতা। এতে একজনের মৃত্যু হয়।
নিহতের নাম সাগর। আহত
হয় অপর দুইজন। তাদের নাম-বাশার (৩০) ও হযরত (৩০)। ঢাকা মহানগর পুলিশ মিডিয়া
সেলের ডিসি মাসুদুর রহমান জানান, গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে।
তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আহত অপর
ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ
করেছে পুলিশ। এদিকে, লাশের ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, নিহত সাগরের
শরীরে গুলি পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ জানায়, ছিনতাই করে পালানোর সময়
পুলিশের ছোড়া গুলি তার গায়ে লাগতে পারে।

No comments:
Post a Comment