Monday, October 31, 2016

সেনবাগে শুরুর আগে এক ইউপির ভোট ফের স্থগিত

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ ফের স্থগিত করা হয়েছে। সোমবার ব্যালট ছিনিয়ে জাল ভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নোয়াখালী জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মনির হোসেন। এর আগে ভোর রাতে উপজেলার নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখল করে জাল ভোট দেয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওহাবের লোকজন। এসময় বিএনপি প্রার্থীর লোকজন বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
এ ঘটনায় পরে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয় বলে জানান সেনবাগ থানার ওসির হারুন-উর রশিদ। তিনি জানান, আটক ব্যক্তিকে থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেননি ওসি। নলদিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নূরুল আমিন জানান, সকাল ৮টা থেকে ওই কেন্দ্রে ফের নির্বাচনের কথা ছিল। কিন্তু কয়েকজন স্থানীয় লোক গভীর রাতে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়ায় ভোট স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওহাবের লোকজন গভীর রাতে কেন্দ্রটি দখল করার চেষ্টা করছিলেন। তারা কেন্দ্রের আশপাশের সড়কগুলো কেটে রাস্তা বন্ধ করে দেয়। পরে তারা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারে। গত ২৮ মে নবীপুর ইউপি নির্বাচন হয়। ওই সময় নবীপুর ইউনিয়ন পরিষদের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই কেন্দ্রে মোট ভোট এক হাজার ৫৯৬টি।

No comments:

Post a Comment