Wednesday, October 19, 2016

বাংলাদেশ জিতলে র‌্যাংকিংয়ে উন্নতি

টেস্ট র‌্যাংকিংয়ে উপরের সারির দলের বিপক্ষে খেলা। সিরিজ জিতলে বাংলাদেশ তাই ভালো উপঢৌকন পাবে। ইংল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে যাবে অনেক। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে চারে থেকে সিরিজ শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। ৫৭ পয়েন্ট নিয়ে নয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭২। ২-০তে জিতলে ৭৫। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফল নিজেদের অনুকূলে হওয়া সাপেক্ষে বাংলাদেশ র‌্যাংকিংয়ে আটেও উঠে যেতে পারে।
৬৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন আটে ওয়েস্ট ইন্ডিজ। তলানির দিকে দলের বিপক্ষে খেলা বলে হারলে ইংল্যান্ডকে খেসারত দিতে হবে বেশি। ১-০তে হারলে ইংলিশদের পয়েন্ট নেমে হবে ১০৩, ২-০তে হারলে ১০২। ইংল্যান্ডের জন্যও পুরস্কারের হাতছানি আছে। সেজন্য হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। ১-০তে সিরিজ জিতলে ইংল্যান্ড একই জায়গায় থাকবে। তবে ২-০ ব্যবধানে জিতলে অস্ট্রেলিয়াকে টপকে তিনে উঠে যাবে ইংল্যান্ড। দুু’দলেরই রেটিং পয়েন্ট এখন সমান ১০৮। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে তিনে অস্ট্রেলিয়া। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। পাকিস্তান দুইয়ে ১১১ পয়েন্ট নিয়ে।
ইংল্যান্ড বিশ্রামে অনুশীলনে টাইগাররা
মঙ্গলবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূর্বনির্ধারিত অনুশীলনের কথা থাকলেও টেস্ট ভেন্যুতে আসেনি ইংলিশরা। দুপুরে অধিনায়ক অ্যালিস্টার কুকসহ কয়েকজন ক্রিকেটার টিম হোটেলের পাশে এমএ আজিজ স্টেডিয়ামে খানিকটা গা গরম করেছেন। অন্যদিকে যথারীতি অনুশীলনে ব্যস্ত ছিলেন টাইগাররা। দুপুর আড়াইটার দিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব, তামিম ও মুশফিকরা। প্রায় আড়াই ঘণ্টা ঘাম ঝরানো অনুশীলনে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে সময় কাটিয়েছেন তারা। বৃহস্পতিবার শুরু হচ্ছে ?বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানধারী ইংলিশরা (১০৮ পয়েন্ট) বাংলাদেশের (৫৭) চেয়ে ৫১ পয়েন্ট এগিয়ে। তবে ঘরের মাটিতে সিরিজ শেষে ব্যবধান কমিয়ে আনার সুবর্ণ সুযোগ পাচ্ছে টাইগাররা। আর তাই চট্টগ্রামে পা রাখার পর থেকে অনুশীলনে মনোযোগী চন্ডিকা হাথুরুসিংহের দল। তাদের মতে, বড় দলের বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগাতে হবে।

No comments:

Post a Comment