Thursday, October 20, 2016

নির্বাচনের ফল না মানার ইঙ্গিত ট্রাম্পের

আগেই রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী হিলারির পক্ষে নির্বাচন কারচুপি করা হবে বলে অভিযোগ করেছিলেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে তৃতীয় ও শেষ টেলিভিশন বিতর্কেও আসল সেই প্রসঙ্গ। ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনের ফলাফল হিলারি ক্লিনটনের পক্ষে গেলে, তিনি তা মেনে নেবেন কি না? জবাবে ট্রাম্প নির্বাচনের ফল দেখেই সিদ্ধান্ত নেবেন বলে জানান।
বিতর্কের সঞ্চালক দ্বিতীয়বার প্রশ্নটি করলে ডোনাল্ড ট্রাম্প জানান, এ বিষয়ে কিছুটা রহস্য রাখতে চান তিনি। এখনই সব বলে দিতে চান না। এরআগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ৮ নভেম্বরের নির্বাচনে চূড়ান্ত কারচুপি হবে এবং তা হবে হিলারি ক্লিনটনের পক্ষে। অবশ্য পরে প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের ওই বক্তব্যের কড়া সমালোচনা করেন।
এরআগে অস্ত্র নিয়ন্ত্রণ, গর্ভপাত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অবৈধ অভিবাসন নিয়ে তুমুল বাদানুবাদ হয় দুই প্রার্থীর মধ্যে। পর্যবেক্ষকেরা বলছেন, আজ দুই প্রার্থীই আগের দিনের বিতর্কের চেয়ে কম আক্রমণাত্মক ছিলেন। তবে এই বিতর্কের শুরুতেও প্রথা মাফিক দুই প্রার্থী পরস্পরের সঙ্গে হাত মেলাননি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাডায় ফক্স নিউজের প্রেজেন্টার ক্রিস ওয়ালেসের সঞ্চালনায় দেড় ঘণ্টার এ বিতর্কে উভয় প্রার্থী প্রায় ৪০ মিনিট করে সময় পান। জরিপে দেখা যাচ্ছে, এখনও প্রধান নির্বাচনী রাজ্যগুলোতে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর বিভিন্ন রাজ্যে ট্রাম্পের সমর্থন হ্রাস পেয়েছে।
>>>যুগান্তর

No comments:

Post a Comment